মানের জোড়া গোলে আল নাসরের অবিশ্বাস্য জয়

প্রথমার্ধের কোনো গোল করতে না পারলেও দুটি গোল হজম করতে হয় আল নাসরের। দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে ম্যাচে ফেলে তারা।

নয়া দিগন্ত অনলাইন
সাদিও মানে বল পায়ে এগিয়ে যাচ্ছেন
সাদিও মানে বল পায়ে এগিয়ে যাচ্ছেন |নয়া দিগন্ত

সৌদি প্রো লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। একজন কম নিয়ে খেলতে নেমে দুই গোলে পিছিয়েও শেষ পর্যন্ত আল ইত্তিফাককে ৩–২ গোলে হারিয়েছে দলটি। জোড়া গোল করে আল নাসরের জয়ের নায়ক সাদিও মানে।

বুধবার (২৬ আগস্ট) দাম্মামে আল ইত্তিফাকের মাঠে ম্যাচের ১২ মিনিটেই বড় ধাক্কা খায় আল নাসর। গোলরক্ষক বেনতো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রোনালদোর দল।

এরপর প্রথমার্ধেই দুই গোল হজম করে আল নাসর। ৩১ মিনিটে দোদার গোলে এগিয়ে যায় আল ইত্তিফাক। আর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলভারো মেদরানের দূরপাল্লার শটে ব্যবধান ২–০ করে স্বাগতিকরা।

দুই গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আল নাসর। ৫৩ মিনিটে ইনিগো মার্তিনেজের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর জোয়াও ফেলিক্সও সুযোগ পেয়েছিলেন, তবে আল ইত্তিফাকের গোলরক্ষক তা আটকে দেন।

অবশেষে ৭৪ মিনিটে গোলের দেখা পায় আল নাসর। জোয়াও ফেলিক্সের পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে ব্যবধান কমান সাদিও মানে। তবে এর মাত্র তিন মিনিট পরই সমতায় ফেরে আল নাসর। কর্নার থেকে হেডে গোল করেন আবদুলেলাহ আল-আমরি।

সমতা ফেরার পরও আক্রমণের ধার ধরে রাখে ১০ জনের আল নাসর। শেষ পর্যন্ত ৯০ মিনিটে আসে জয়সূচক গোল। দ্রুত পাল্টা আক্রমণ থেকে সামি আল-নাজেইয়ের পাস পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন মানে।

তাতেই ৩–২ ব্যবধানে অবিশ্বাস্য জয় নিশ্চিত হয় আল নাসরের। এই জয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্ট হলো আল নাসরের। আপাতত সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও রয়েছে দলটি। আর ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আল ইত্তিফাক।

Topics