বিশ্বকাপের ফাইনাল সামনে রেখে আর্জেন্টিনা-স্পেন ম্যাচ ঘিরে উত্তেজনার পাশাপাশি রেফারিং নিয়েও জোর আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ম্যাচে রেফারি যদি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে শিরোপা জয়ের সম্ভাবনা স্পেনেরই বেশি।
স্পেনের গণমাধ্যম কোপেকে দেয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, শুরু থেকেই তিনি স্পেনের সমর্থক। তার বিশ্বাস, নিরপেক্ষ রেফারিং নিশ্চিত হলে লা রোজার জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
লাপোর্তার ভাষায়, “আমি আগেই বলেছি, ফাইনালে আমার পূর্ণ সমর্থন স্পেনের প্রতি। রেফারি যদি পেশাদারিত্ব বজায় রাখেন এবং কোনো পক্ষপাত না করেন, তাহলে স্পেনের জয়ের সম্ভাবনা অনেক বেশি।”
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে নকআউট পর্যন্ত বিভিন্ন ম্যাচে রেফারিদের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে। ফলে ফাইনালের আগে ম্যাচ পরিচালনাও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। লাপোর্তার মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
স্পেনের সাবেক মিডফিল্ডার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোও স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার মনে করেন। তবে তিনি লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে মোটেও হালকাভাবে দেখছেন না। তার মতে, কঠিন পরিস্থিতি থেকে বারবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা আর্জেন্টিনাকে অত্যন্ত শক্ত প্রতিপক্ষে পরিণত করেছে।
অন্যদিকে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর মূল্যায়ন ভিন্ন। মেসির সাবেক সতীর্থের মতে, ফাইনালে কোনো দলই স্পষ্ট ফেবারিট নয়। তিনি বলেন, মেসি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন এবং দুই দলের শক্তির ভারসাম্য বিবেচনায় এটি হবে সমানে সমানের লড়াই।
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা ও স্পেন—দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। স্পেনের দৃঢ় রক্ষণভাগ এবং আর্জেন্টিনার ধারালো আক্রমণভাগের লড়াইয়ে জমজমাট এক ফাইনালের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারির সিদ্ধান্তও ম্যাচের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।



