২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বল নিয়ে বিতর্ক যেন থামছেই না। ফিফার চোখে স্পেনের মিডফিল্ডার রদ্রি টুর্নামেন্ট সেরা হলেও, বিশ্বের ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণকারী সংস্থা আইএফএফএইচএস বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছে লিওনেল মেসিকে।
বিশ্বকাপ ফাইনালের পর প্রকাশিত আইএফএফএইচএসের র্যাঙ্কিংয়ে রদ্রিকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নেন মেসি। এতে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ ঐতিহাসিক তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে আইএফএফএইচএস দীর্ঘদিন ধরেই বিশ্ব ফুটবলে একটি পরিচিত নাম।
সংস্থাটি জানিয়েছে, তাদের নির্বাচন ফিফার ভোটভিত্তিক পদ্ধতির মতো নয়; বরং ‘সামগ্রিক পারফরম্যান্স সূচক’-এর ভিত্তিতে করা হয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, ‘এই সম্মান সামগ্রিক পারফরম্যান্স সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এটি একটি কঠোর তথ্যনির্ভর পদ্ধতি, যেখানে প্রতিটি ম্যাচের রেটিং, গোল, অ্যাসিস্ট এবং নকআউট পর্বে খেলোয়াড়ের প্রভাবকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ২০২৬ বিশ্বকাপের প্রতিটি পারফরম্যান্স বিশ্লেষণের পর এই সিদ্ধান্ত ছিল স্পষ্ট।’
আইএফএফএইচএসের পরিসংখ্যান অনুযায়ী, পুরো টুর্নামেন্টে মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। ধারাবাহিক পারফরম্যান্স, ম্যাচে প্রভাব এবং নকআউট পর্বে অবদানের বিচারে তিনিই ছিলেন সবচেয়ে এগিয়ে।
তাই তাদের মূল্যায়নে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সংস্থাটি আরো উল্লেখ করেছে, ‘এই স্বীকৃতির পেছনের পরিসংখ্যান যেকোনো মানদণ্ডেই অসাধারণ।’
বিবৃতির শেষাংশে আইএফএফএইচএস জানায়, ‘১৯৯১ সাল থেকে আইএফএফএইচএস বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বকে সম্মান জানিয়ে আসছে। এই স্বীকৃতিও সেই অঙ্গীকারেরই প্রতিফলন। ফুটবলের সেরাদের নথিভুক্ত করা, মূল্যায়ন করা ও উদযাপন করাই আমাদের কাজ।’



