ফুটবল বিশ্বের দুই অবিসংবাদিত পরাশক্তি স্পেন ও উরুগুয়ে। ট্রফি, ইতিহাস কিংবা ফুটবল সংস্কৃতি—যেকোনো মানদণ্ডেই মাঠের লড়াইয়ে তাদের শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক করা বোকামি। কিন্তু বিশ্বকাপ মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার লড়াইয়ে এই দুই প্রতিপক্ষ দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য ও অমীমাংসিত সুতার ওপর।
বিশ্বমঞ্চে এই দুই পরাশক্তি এখন পর্যন্ত দুবার মুখোমুখি লড়াইয়ে নেমেছে। কিন্তু জয়ের দেখা পায়নি কোনো দলই। তাদের প্রথম দেখা ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে, যেখানে ২-২ গোলে ম্যাচটি ড্র হয়। তাদের পরবর্তী দেখা চার দশক পর ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। সেবার গোল শূন্য হয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
তবে বিশ্বকাপের বাইরে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস অবশ্য স্পেনের পক্ষেই। ১১টি প্রীতি ম্যাচসহ মোট ১২ বার তাদের দেখা হয়। এর মধ্যে ৫ জয় স্পেনের কিন্তু বাকি ৭ ড্র নিয়ে জয়ের খাতা এখনো বন্ধ উরুগুয়ের।
মোট কথা, ইতিহাসে স্পেনের বিপক্ষে আজ পর্যন্ত জয়ের দেখা পাইনি উরুগুয়ে। তাই আজকের ম্যাচটি হতে পারে ইতিহাস রচনার।
বর্তমানে শক্তি, ফর্ম এবং স্কোয়াডের বিচারে স্পেন স্পষ্ট এগিয়ে রয়েছে। বিশ্বকাপে প্রথম ম্যাচ কেপ ভার্দের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের দুরন্ত জয় তুলে নেয় স্পেন। এই নিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টপার তারা। আজকের ম্যাচ জিতলে অফিশিয়ালি নকআউট পর্বে পা রাখবে তারা।
অপরদিকে, এখনো জয়ের দেখা পায়নি উরুগুয়ে। কেপ ভার্দের সাম্প্রতিক পারফরমেন্স বিচার করলে উরুগুয়ে তৃতীয় অবস্থান থেকে নকআউট পর্বে যাত্রা শুরু করতে পারে।
তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। যেকোনো মুর্হূতে যেকোনো অঘটন ঘটে যাওয়া ফুটবলের জন্য নতুন কিছুই না।



