ইতিহাদ ছেড়ে আল হিলালে যোগ দিলেন করিম বেনজেমা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রিয়াদভিত্তিক ক্লাবটি লিখেছে, ‘করিম বেনজেমা এখন আনুষ্ঠানিকভাবে হিলালি।‘

নয়া দিগন্ত অনলাইন
করিম বেনজেমা
করিম বেনজেমা |সংগৃহীত

আল ইতিহাদের সাথে করিম বেনজেমার চুক্তি নিয়ে মতবিরোধের খবর ভেসে আসছিল বেশ ক’দিন ধরেই। যার সমাধান আর হয়ে সারেনি। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে দিলেন বেনজেমা।

আল ইতিহাদ ছেড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বী দল আল হিলালের সাথে চুক্তি করেছেন ফরাসি এই তারকা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আল হিলাল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রিয়াদভিত্তিক ক্লাবটি লিখেছে, ‘করিম বেনজেমা এখন আনুষ্ঠানিকভাবে হিলালি।‘

সৌদি প্রো লিগে এবার শিরোপার লড়াই চলছে আল হিলাল ও আল নাসরের মাঝে। এই দৌড়ে এগিয়ে যেতে নিশ্চিয়ই হিলালকে বাড়তি শক্তি এনে দেবেন বেনজেমা।

গত মৌসুমে বেনজেমা আল ইতিহাদকে সৌদি লিগ শিরোপা ও কিংস কাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। আল হিলালও তার কাছে তেমন কিছুই চাইবে।

ইতিহাদের সাথে বিদায়টা মনমতো হয়নি বেনজেমার। চুক্তির ছয় মাস মেয়াদ বাকি থাকতেই বিদায় নিতে হলো তার। মূলত ইতিহাদের নতুন চুক্তির প্রস্তাব অসম্মানজনক মনে হওয়ায় সরে দাঁড়ালেন বেনজেমা।

বিরোধ নিয়ে বিদায় নিলেও ইতিহাদ ছাড়ার সময় বেনজেমা জানান, এই ক্লাব তার মনে আলাদা জায়গা নিয়ে থাকবে। সামাজিক মাধ্যমে বেনজেমা লেখেন, ‘আল ইতিহাদ, এই অধ্যায়ের সমাপ্তি, তবে সম্মান ও কৃতজ্ঞতা থাকবে সবসময়ই।’

‘এই পথচলা আমাকে অনেক কিছুই দিয়েছে, ব্যক্তিগতভাবে যেমন, তেমনি পেশাদার দিক থেকেও। এই জার্সি গায়ে চাপানোর গর্ব এবং যা কিছু আমরা একসাথে করেছি, সবকিছু নিয়ে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি আমি।’