সুইডেনের জালে গোল উৎসব নেদারল্যান্ডসের

প্রথম ১৭ মিনিটের মধ্যেই জোড়া গোল করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রায়ান ব্রব্বেই। তার দুই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ডাচরা।

নয়া দিগন্ত অনলাইন
জোড়া গোল করেছেন নেদারল্যান্ডসের কোডি গাকপো ও ব্রায়ান ব্রব্বেই
জোড়া গোল করেছেন নেদারল্যান্ডসের কোডি গাকপো ও ব্রায়ান ব্রব্বেই |সংগৃহীত

বিশ্বকাপে এফ গ্রুপের ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। এ জয়ের ফলে তারা গ্রুপ শীর্ষে ওঠে গেল এবং শেষ ষোলোয় ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল।

যুক্তরাষ্ট্রের হিউস্টনের এ ম্যাচের শুরু থেকেই সুইডেনের ওপর চাপ সৃষ্টি করে নেদারল্যান্ডস। সেই চাপের ফলও আসে দ্রুত। প্রথম ১৭ মিনিটের মধ্যেই জোড়া গোল করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রায়ান ব্রব্বেই। তার দুই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ডাচরা।

তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল সুইডেন। ইসাক ল্যাগারবিয়েলকের একটি হেড থেকে গোল এলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বিরতির আগে কয়েকটি আক্রমণেও নেদারল্যান্ডসকে চাপে ফেলেছিল সুইডিশরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের অসাধারণ অ্যাসিস্ট থেকে সহজ ফিনিশে ব্যবধান ৩-০ করেন কোডি গাকপো। সাত মিনিটের মাথায় ক্রিসেনসিও সামারভিলের দারুণ সৃষ্টিশীলতায় নিজের দ্বিতীয় গোলও করেন গাকপো। ৪-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

সুইডেন কিছুটা আশা জাগায় ৫৯ মিনিটে অ্যান্থনি এলাঙ্গার পাল্টা আক্রমণ থেকে করা গোলে। তবে সেটিই ছিল তাদের একমাত্র সান্ত্বনা। ম্যাচের শেষ দিকে (৮৯ মিনিটে) সামারভিল নিজেও গোল করে নেদারল্যান্ডসের বড় জয় নিশ্চিত করেন।

প্রথম ম্যাচে তিউনিসিয়াকে একই ৫-১ ব্যবধানে হারিয়ে দারুণ অবস্থানে থাকা সুইডেনের জন্য এই পরাজয় বড় ধাক্কা। গোল ব্যবধানের সুবিধাও প্রায় পুরোপুরি হারিয়ে ফেলেছে তারা। ফলে শেষ গ্রুপ ম্যাচে জাপানের বিপক্ষে তাদের সামনে এখন কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

নেদারল্যান্ডসের শেষ গ্রুপ ম্যাচ তিউনিসিয়ার বিপক্ষে। বর্তমান ফর্ম বিবেচনায় সেই ম্যাচে পয়েন্ট পেলেই নকআউট পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে কমলা বাহিনীর।