বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে প্রশংসায় ভাসালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্কে ফিফা আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ট্রাম্প।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ। আলোচনার একপর্যায়ে ইংল্যান্ডের বিপক্ষে মেসির পারফরম্যান্সের প্রসঙ্গ তোলেন ট্রাম্প।
বিশেষ করে আর্জেন্টিনা অধিনায়কের একটি আক্রমণাত্মক মুহূর্তের প্রশংসা করে তিনি বলেন, ‘মেসি যে পাসটি দিয়েছিল, সেটা আমি দেখেছি। ফুটবল সম্পর্কে আমি কিছুটা জানি।’
ট্রাম্প বলেন, ‘আমি দেখলাম, মেসিকে খুব ভালোভাবে মার্কিং করা হচ্ছিল। কিন্তু হঠাৎই সে ডান দিকে চলে গেল, শট নিলো, আর সেটি নিখুঁত হতে মাত্র এক-চতুর্থাংশ ইঞ্চি দূরে ছিল। এটা ছিল অসাধারণ।’
ট্রাম্পের এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো তিনি নিবিড়ভাবেই অনুসরণ করছেন। অনুষ্ঠানে এএফএ সভাপতি চিকি তাপিয়ার সাথে সংক্ষিপ্ত আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট।
আসন্ন ফাইনাল নিয়ে জানতে চেয়ে হাস্যরসের সুরে বলেন, ‘আবারো শিরোপা জয়ের জন্য প্রস্তুত তো?’ ট্রাম্পের এই মন্তব্যে উপস্থিত অতিথিদের মধ্যেও হাসির রোল পড়ে যায়।
২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। অন্যদিকে, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনও নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে।
ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আগামীকাল রোববার রাত ১টায় মেট লাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।



