মাঠে নামলেই যেন নতুন কোনো রেকর্ডের জন্ম দেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেও নিজের নাম লিখেছেন একাধিক কীর্তির পাতায়। এবার আরো তিনটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে তার সামনে রয়েছে আরো তিনটি রেকর্ড গড়ার সুযোগ। ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম তিন গোলের কীর্তি গড়েন মেসি। সেই সাথে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে।
ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি স্পর্শ করেন জার্মান কিংবদন্তি মিরোসাভ ক্লোসাকে। আজ অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন এককভাবে নিজের করে নেবেন তিনি।
শুধু গোল নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও হাতছানি দিচ্ছে মেসিকে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ১৬তম জয়, যা ক্লোসের রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলে এই কীর্তিতেও একক শীর্ষে উঠে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।
এছাড়া অপেক্ষা করছে আরেকটি অনন্য রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচ গোল করার কীর্তি বর্তমানে যৌথভাবে ধরে রেখেছেন মেসি ও ব্রাজিল কিংবদন্তি রবার্তো রিভেলিনো। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে রিভেলিনো দূরপাল্লার শটে পাঁচটি গোল করেছিলেন।
অন্যদিকে মেসি ২০১৪ বিশ্বকাপে বসনিয়া- হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে তিনটি, ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে একটি ও চলতি আসরে আলজেরিয়ার বিপক্ষে একটি গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে আরো একটি গোল করতে পারলেই রিভেলিনোকেও ছাড়িয়ে যাবেন তিনি।
আলজেরিয়া ম্যাচে রেকর্ডের ঝড় তোলা মেসি এবার অস্ট্রিয়ার বিপক্ষে নামবেন নতুন তিনটি ইতিহাস গড়ার লক্ষ্যে। তাই ডালাসের এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।



