মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো!

এক স্প্যানিশ সাংবাদিক মেসি ও এমবাপের সাম্প্রতিক ফর্ম টেনে প্রশ্ন শুরু করতেই তাকে থামিয়ে দেন রোনালদো। বিরক্তি প্রকাশ করেন এবং উত্তর দিতে অস্বীকৃতিও জানান।

নয়া দিগন্ত অনলাইন
সাংবাদিকের প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো
সাংবাদিকের প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো |ইন্টারনেট

দুই দশক ধরে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্ক চলছে- কে সেরা? বিশ্বকাপ এলে তাদের এই বিতর্ক আরো বেড়ে যায়। চলতি বিশ্বকাপে মেসি ফুরফুরে মেজাজে থাকলেও গত ম্যাচের আগ পর্যন্ত অনেকটা চাপে ছিলেন রোনালদো। বিষয়টি গোল নিয়ে।

বিশ্বকাপের চলতি আসরে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ২ ম্যাচে করেছেন মোট ৫ গোল, যেখানে একটি হ্যাটট্রিক রয়েছে। অপরদিকে, প্রথম ম্যাচে কোনো গোল করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ২ গোল করে কিছুটা ছন্দে ফেরার চেষ্টা করছেন পর্তুগিজ যুবরাজ রোনালদো।

তবে এবারের বিতর্ক একটু ভিন্ন তাও রোনালদোকে ঘিরে। শুরুটা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন থেকে। উজবেকদের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয়ের দিনে ২ গোল করে বিশ্বরেকর্ড করার পর স্বাভাবিকভাবে কিছুটা ফুরফুরে ছিলেন তিনি। কিন্তু সেখানে এক স্প্যানিশ সাংবাদিক মেসি ও এমবাপ্পে সাম্প্রতিক ফর্ম টেনে প্রশ্ন শুরু করতেই তাকে থামিয়ে দেন রোনালদো। বিরক্তি প্রকাশ করেন এবং উত্তর দিতে অস্বীকৃতিও জানান।

পরে অন্য এক প্রশ্নের জবাবে সাফ জানিয়ে দেন, ‘প্রশ্নের ওপর নির্ভর করছে আমি উত্তর দেবো কি না, নয়তো আমি কোনো জবাব দেবো না।’

তবে নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিয়ে মুখ খুলেছেন তিনি।

একই সংবাদ সম্মেলনে বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের উত্তর ঠিকই দিয়েছেন ৪১ বছর বয়সী এই ফরওয়ার্ড। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে সিআরসেভেন বলেন, ‘আমি ঠিক জানি না এর কী উত্তর দেবো। এই প্রশ্নের আসলে খুব একটা অর্থ হয় না এই মুহূর্তে। তবে হ্যাঁ, যদি এমনটা ঘটে তবে সেটি হবে একদম দুর্দান্ত।’

গত রাতে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অবিস্মরণীয় এবং একমাত্র বিশ্বরেকর্ড এখন তার দখলে। এছাড়া বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০টি গোল করেছেন রোনালদো। তিনি কিংবদন্তি ইউসেবিওর ৯ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন।