মাইকেল ওলিসেকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবর বেশ কিছুদিন ধরেই দলবদলের বাজারে আলোচনায় ছিল। তবে সেই জল্পনায় ইতি টেনেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রয়েন্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফরাসি এই উইঙ্গারকে বিক্রির কোনো ইচ্ছাই নেই তাদের।
শনিবার প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে ভেহেন ভিসবাডেনের কাছে ২-১ গোলে হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্রয়েন্ড বলেন, ‘ওলিসের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন নিয়ে আমরা মোটেও ভাবছি না। সে ছুটি শেষে দলে ফিরবে ও গত মৌসুমের মতো এবারো আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে।’
গ্রীষ্মকালীন দলবদলের বাজারে শোনা যাচ্ছিল, ওলিসেকে দলে টানতে ১৫০ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ খরচ করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। তবে বায়ার্নের দৃঢ় অবস্থানের কারণে আপাতত সেই সম্ভাবনা বাস্তবায়িত হচ্ছে না।
২০২৪ সালে প্রায় ৫ কোটি ৩০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ক্রিস্টাল প্যালেস ছেড়ে বায়ার্নে যোগ দেন ২৪ বছর বয়সী এই ফরাসি। এরপর থেকেই ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে দলের অন্যতম ভরসায় পরিণত করেছেন।
সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি গোল করার পাশাপাশি ৩১টি অ্যাসিস্ট করেন তিনি। এছাড়া সদ্য শেষ হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপেও সর্বোচ্চ ৭টি অ্যাসিস্ট করে আলোচনায় ছিলেন ওলিসে।
২০২৯ সালের জুন পর্যন্ত বায়ার্নের সাথে চুক্তিবদ্ধ এই উইঙ্গারকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে ক্লাবটি। কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনেও আগামী মৌসুমে ওলিসে দলের অন্যতম প্রধান অস্ত্র হবেন বলেই জানিয়েছেন স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রয়েন্ড।



