টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর নয়া রেকর্ড

আল রিয়াদের বিপক্ষে গোল করে টানা ২৫ লিগ মৌসুমে গোলের অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো |সংগৃহীত

বয়স ৪১, তবু গোলের ধারায় কোনো ছেদ নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই গোল করে নতুন ইতিহাস গড়েছেন পর্তুগিজ এই মহাতারকা। যেই রেকর্ড নেই আর কারো।

আল রিয়াদের বিপক্ষে শুক্রবার ৪-০ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। ম্যাচের প্রথমার্ধে বেঞ্চে থাকা রোনালদো মাঠে নামেন ৬২তম মিনিটে। আর ৮৩ মিনিটে আইমান ইয়াহইয়ার পাস থেকে দলের চতুর্থ গোলটি করেন তিনি।

এই গোলের মধ্য দিয়ে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন রোনালদো। ২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরুর পর থেকে প্রতিটি লিগ মৌসুমেই গোল করেছেন তিনি।

এই কীর্তিতে রোনালদো পেছনে ফেলেছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচকে। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ পর্যন্ত টানা ২৪ মৌসুমে লিগে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ।

স্পোর্টিং লিসবনের পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আবার ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে ২০২২-২৩ মৌসুমের মাঝপথে আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাব বদলালেও তার গোলের ধারায় কোনো ছেদ পড়েনি।

আল রিয়াদের বিপক্ষে করা গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৯৭৭তম গোল। অর্থাৎ ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রোনালদোর ৯৭৭ গোলের মাঝে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই অধ্যায়ে ১৪৫, জুভেন্টাসের হয়ে ১০১, স্পোর্টিং লিসবনের হয়ে ৫ ও আল নাসরের হয়ে ১৩০টি। আর পর্তুগালের জার্সিতে করেছেন বাকি ১৪৬ গোল।

আল রিয়াদের বিপক্ষে জয়ের ফলে নতুন মৌসুমের শুরুটাও দুর্দান্ত হয়েছে আল নাসরের। ১৮তম মিনিটে আবদুলেলাহ আল-আমরির গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল অ্যাঞ্জেলো ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে ৫৮তম মিনিটে জোয়াও ফেলিক্স করেন তৃতীয় গোল। এরপর রোনালদোর গোলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

রোনালদোর সামনে এখন আরো বড় লক্ষ্য- ক্যারিয়ারের ১ হাজার গোল। ৯৭৭-এ দাঁড়িয়ে থাকা এই মহাতারকা সেই মাইলফলক ছুঁতে আর মাত্র ২৩ গোল দূরে।