আবারো চোটে নেইমার, শঙ্কায় বিশ্বকাপ খেলা

ধারণা করা হচ্ছে- ফিটনেসের ব্যাপারে কোচকে আশ্বস্ত করতে না পারলে চূড়ান্ত দলে জায়গা হবে না এই তারকা ফরোয়ার্ডের।

নয়া দিগন্ত অনলাইন
চোট পিছু ছাড়ছে না নেইমারের
চোট পিছু ছাড়ছে না নেইমারের |সংগৃহীত

চোট পিছু ছাড়ছে না নেইমারের। দুর্ভাগ্যের বৃত্তে যেন আটকা পড়েছেন তিনি। যখন মনে হচ্ছিলো হয়তো সব স্বাভাবিক হতে চলেছে, তখন আবারো নতুন করে চোটে পড়েছেন নেইমার।

চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিলের জার্সি গায়ে চাপাননি নেইমার জুনিয়র। প্রায় ২৯ মাস পর চলতি মাসে দুটি প্রীতি ম্যাচের জন্য সেলেসাওদের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন তিনি।

কিন্তু দলে ডাক পাওয়ার পর আবার ইনজুরিতে পড়লেন এই তারকা ফরোয়ার্ড। ফলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

বিশ্বকাপের আগে প্রস্তুতি প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

এ দুটি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ৩৪ বছর বয়সী নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। জানা গেছে- আগামী ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

কিন্তু মাংসপেশিতে আবারো চোট পাওয়ায় ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন নেইমার। আর এমনটা হলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে যেতে পারে।

উল্লেখ্য, বুধবার সকালে ব্রাজিলের শীর্ষ লিগ সিরিআয় মিরাসলের সাথে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। এই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি।

চেয়েছিলেন মাঠে বসে নেইমারের ফিটনেসের সবশেষ অবস্থা দেখতে। কিন্তু সমস্যা হলো, মাংসপেশিতে আবারো চোট পাওয়ায় এই ম্যাচে মাঠেই নামা হয়নি নেইমারের।

ধারণা করা হচ্ছে- ফিটনেসের ব্যাপারে কোচকে আশ্বস্ত করতে না পারলে চূড়ান্ত দলে জায়গা হবে না এই তারকা ফরোয়ার্ডের।