পরের বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে প্রতিশোধ নিতে চান মরক্কো কোচ

২০৩০ বিশ্বকাপ স্পেন ও পর্তুগালের সাথে যৌথভাবে আয়োজন করবে মরক্কো। ঘরের মাঠে সেই আসরে ফ্রান্সের বিপক্ষে আবারো লড়াইয়ের সুযোগ পেলে ইতিহাস বদলে দেয়ার স্বপ্ন দেখছেন ওয়াহ্‌বি।

নয়া দিগন্ত অনলাইন
মরক্কো-ফ্রান্স ম্যাচের দৃশ্য
মরক্কো-ফ্রান্স ম্যাচের দৃশ্য |সংগৃহীত

পরপর দুই বিশ্বকাপে ফ্রান্সের কাছে স্বপ্নভঙ্গ। তবু হাল ছাড়ছেন না মরক্কো কোচ মোহামেদ ওয়াহ্‌বি। বরং ২০৩০ বিশ্বকাপে, নিজেদের মাটিতে সুযোগ এলে ফরাসিদের বিদায় করে সেই আক্ষেপ ঘোচানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপে আফ্রিকা ও আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সেমি-ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। দুর্দান্ত সেই অভিযানের ইতি ঘটে ফ্রান্সের কাছে ২-০ গোলের হারে। শেষ পর্যন্ত চতুর্থ স্থান নিয়েই আসর শেষ করতে হয় আটলাস লায়নদের।

চার বছর পর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত চলতি বিশ্বকাপেও কোয়ার্টার-ফাইনালে আবারো মুখোমুখি হয় দুই দল। আগের হারের বদলা নেয়ার সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে পারেনি মরক্কো। বস্টনে ১০ জুলাই অনুষ্ঠিত ম্যাচেও ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।

বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও পুরো ম্যাচজুড়ে ছন্দ ছিল ফ্রান্সের দখলে। মরক্কো প্রতিপক্ষের রক্ষণে তেমন চাপই তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে তারা মাত্র পাঁচটি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি। বিপরীতে ফ্রান্স ২২টি শট নিয়ে আটটিই রাখে লক্ষ্যে।

ম্যাচ শেষে প্রতিপক্ষের পারফরম্যান্সের প্রশংসা করলেও নিজের দলের সম্ভাবনার ওপর আস্থা রেখেছেন ওয়াহ্‌বি। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম চালিয়ে গেলে একদিন ফ্রান্সের সমকক্ষ হয়ে ওঠা সম্ভব।

ওয়াহ্‌বি বলেন, ‘ম্যাচ পরিকল্পনার দিক থেকে জানি, তাদের সমকক্ষ হওয়ার সামর্থ্য আমাদের আছে। তবে আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। আজ ফ্রান্স নিঃসন্দেহে শক্তিশালী ছিল, কিন্তু আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং আরো উন্নতি করতে পারি। হয়তো চার বছর পর আমরাই তাদের বিদায় করে দেব।’

২০৩০ বিশ্বকাপ স্পেন ও পর্তুগালের সাথে যৌথভাবে আয়োজন করবে মরক্কো। ঘরের মাঠে সেই আসরে ফ্রান্সের বিপক্ষে আবারো লড়াইয়ের সুযোগ পেলে ইতিহাস বদলে দেয়ার স্বপ্ন দেখছেন ওয়াহ্‌বি।

অন্যদিকে মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে স্পেন অথবা বেলজিয়াম।