আফ্রিকান কাপ অব নেশনস বা আফ্রিকান নেশনস কাপ। ১৯৫৭ সালে শুরু হওয়া এই আসরের সর্বাধিক চ্যাম্পিয়ন মিসর। আর টুর্নামেন্টের বর্তমান শিরোপা জয়ী দেশ আইভোরিকোস্ট। ২০২৩ সালের আসরে অবশ্য সেমিতেই উঠতে পারেনি মিসর। কাল থেকে পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোতে পর্দা উঠছে এই আসরের।
এবার ‘বি’ গ্রুপে মিসরের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আর চ্যাম্পিয়ন আইভোরিকোস্টকে গ্রুপ পর্ব ডিঙ্গাতে লড়তে হবে ক্যামেরুন, গ্যাবন, মোজাম্বিকের সাথে। কাল উদ্বোধনী ম্যাচে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠা এবং অতি সম্প্রতি আরব কাপ জয় করা মরক্কোর প্রতিপক্ষ কমরোস। অপর ম্যাচে মালি খেলতে জাম্বিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে এই ম্যাচ।
২৪টি দল ৬ গ্রুপে ভাগ হয়ে খেলছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য। ‘এ’ গ্রুপে আছে মরক্কো, মালি, কমরোস ও জাম্বিয়া। ‘বি’ গ্রুপে মিসরের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ‘সি’ গ্রুপের চার দল নাইজেরিয়া, তানজানিয়া, তিউনিশিয়া ও উগান্ডা। ‘ডি’ গ্রুপে আছে বেনিন,সেনেগাল, ডিআর কঙ্গো ও বোতসোয়ানা। ‘ই’ গ্রুপ থেকে নক আউটে যাওয়ার জন্য লড়বে আলজেরিয়া, বুরকিনাফাসো, ইকোটোরিয়াল গিনি ও সুদান। আর ‘এফ’ গ্রুপে পড়েছে আইভোরিকোস্ট, ক্যামেরুন, গ্যাবন, মোজাম্বিক।
এবার ফেবারিট ভাবা হচ্ছে মরক্কোকে। তবে কাতার বিশ্বকাপে চতুর্থ হওয়া দলটি একবারই এই ট্রফি জিততে পেরেছিল। তা ১৯৭৬ সালে ইথিওপিয়ার মাঠে। সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছে আলটাস লায়ন খ্যাত দলটি। কাতার বিশ্বকাপে খেলা মরক্কোর ফুটবলার সোফিয়ান আমরাবাত জানান, ‘এবারের আফ্রিকান কাপ অব নেশনস আমাদের মাটিতে হচ্ছে। তাই এবার চ্যাম্পিয়ন হওয়ার মিশনটা আমাদের জন্য বিশেষ কিছু।’
উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে ফুটবলে ব্রোঞ্জ জেতা দলটি এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনাকে হারিয়ে।



