বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। ম্যাচের এ লড়াই শেষ হয় অতিরিক্ত সময়ে এসে। ৯১তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মাইকেল মেরিনো। স্পেনের বিপক্ষে হারের পর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। এই পরাজয়কে দলের জন্য একটি অধ্যায়ের সমাপ্তি বলে অভিহিত করেছেন তিনি।
রবার্তো মার্তিনেজ জানান, সোমবার তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং এখন পর্তুগালের ফুটবল নেতৃত্বের একজন নতুন ম্যানেজার বেছে নেয়া উচিত।
ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বিশ্বকাপ জেতার জন্যই পর্তুগালে এসেছিলাম। আমি মনে করি, বিশ্বকাপ না জিতলে এখানে থাকার কোনো মানে হয় না।
তিনি আরো বলেন, ‘বোর্ড এবং প্রেসিডেন্টের কাছে এখন নতুন কোচ বেছে নেয়ার সুযোগ রয়েছে। আজ আমার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এর বেশি কিছু বলার নেই।’
মার্তিনেজ বলেন, ‘টুর্নামেন্টের আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’ তবে তিনি নিশ্চিত করেছেন, স্পেনের কাছে এই হারই তার দায়িত্বে থাকা শেষ ম্যাচ।
স্পেনের বালুগে জন্মগ্রহণ করা এই কোচ বলেন, ‘হ্যাঁ, জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ ম্যাচ। আমি খুব গর্বিত, আমি আরেকজন পর্তুগিজের মতোই উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। এটা আনন্দের, গর্বের এবং একটি দায়িত্বের বিষয় ছিল।’
পর্তুগালের বিদায়ের সাথে ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারেরও অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। মার্টিনেজ ৪১ বছর বয়সী এই খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে আর কিছু না বললেও তাকে উষ্ণ বিদায় জানিয়েছেন।
মার্টিনেজ বলেন, ‘ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি (রোনালদো) একজন অনুকরণীয় অধিনায়ক ছিলেন। শুধু গোলের দিক থেকেই নয়; পরিসংখ্যানই তার প্রমাণ, অ্যাসিস্টের দিক থেকেও। তিনি যেভাবে ফুটবলকে নিয়ে বাঁচেন ও শ্বাস নেন, এটা তার প্রতিদিনের দায়বদ্ধতা। তিনি একজন দৃষ্টান্ত এবং এমন একজন যাকে আমাদের অবশ্যই উদযাপন করতে হবে।’
মার্টিনেজ বলেন, ‘পর্তুগাল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিল, কিন্তু অল্পের জন্য হেরে যায়।’
তিনি বলেন, ‘আমরা রক্ষণে সাহস দেখিয়েছি, আমরা আক্রমণাত্মক ছিলাম এবং খুব ভালোভাবে রক্ষণ করেছি। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলোতে ছোট ছোট বিষয়গুলোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বল বারে লেগে গোলে যাওয়া বা না যাওয়া, ৯০ মিনিটে একটি দ্রুত ফ্রি-কিক থেকে পাওয়া সুযোগ। এই ছোট ছোট বিষয়গুলোই সবকিছু বদলে দেয়।’
সূত্র : রয়টার্স



