২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি মরক্কোর

বিশ্বকাপের ১০০ বছর পূর্তির আসরটি হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী বিশ্বকাপ। প্রথমবারের মতো তিন মহাদেশের ছয়টি দেশ মিলে আয়োজন করবে টুর্নামেন্টটি।

নয়া দিগন্ত অনলাইন
২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি করেছে মরক্কো
২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি করেছে মরক্কো |সংগৃহীত

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে—এমন দাবি করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো ফাইনালের ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মরক্কোর বুজনিকায় আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানে লেকজা বলেন, ‘বেনস্লিমান প্রদেশ ২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের গৌরব অর্জন করবে।’

বেনস্লিমান শহরটি কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। সেখানে নির্মাণ করা হচ্ছে ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে এক লাখ ১৫ হাজার।

নির্মাণ শেষ হলে এটিই হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল-নির্দিষ্ট স্টেডিয়াম। তবে ফাইনাল আয়োজন নিয়ে মরক্কোর সামনে এখনো স্পেনের চ্যালেঞ্জ রয়েছে। ২০৩০ বিশ্বকাপের মূল পর্বের ম্যাচগুলো যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

বিশ্বকাপের ১০০ বছর পূর্তির আসরটি হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী বিশ্বকাপ। প্রথমবারের মতো তিন মহাদেশের ছয়টি দেশ মিলে আয়োজন করবে টুর্নামেন্টটি।

আসরের প্রথম তিন ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। এরপর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে।