ম্যানসিটি ছাড়ছেন বার্নার্ন্ডো সিলভা

কারিগরি দক্ষতা, কর্মতৎপরতা এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার ক্ষমতা সিলভাকে ভক্তদের কাছে প্রিয় করে তুলেছে।

নয়া দিগন্ত অনলাইন
বার্নার্ন্ডো সিলভা
বার্নার্ন্ডো সিলভা |ইন্টারনেট

আসন্ন গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বার্নার্ন্ডো সিলভা। এর মাধ্যমে ইত্তিহাদ স্টেডিয়ামে সিলভার নয় বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি হতে চলেছে।

পর্তুগীজ এই মিডফিল্ডারের সাথে সিটির বর্তমান চুক্তির মেয়াদ আগামী জুনে শেষ হয়ে যাবে। যে কারণে ফ্রি অ্যাজেন্টের সুবিধায় তিনি ক্লাব ছাড়তে পারবেন। কোচ পেপ গার্দিওলার অধীনে বার্নার্ন্ডো সিলভা নিজেকে অন্যতম বিশ্বাসী ও বৈচিত্রময় খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন।

২০১৭ সালে মোনাকো থেকে আসার পর সিলভা সিটির ঘরোয়া ও ইউরোপীয়ান সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বেশ কয়েকটি প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি বহুল প্রতিক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে সামনে থেকে দলকে সহযোগিতা করেছেন।

কারিগরি দক্ষতা, কর্মতৎপরতা এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার ক্ষমতা তাকে ভক্তদের কাছে প্রিয় করে তুলেছে।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি বিদায়ী বার্তায় সিলভা শৈশবের স্বপ্ন পূরণের স্মৃতিচারণ করেছেন এবং শহর, ক্লাব ও এর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন পেশাদার ও ব্যক্তিগত উভয় জীবনে প্রত্যাশার থেকেও বেশি কিছু ম্যানচেস্টার সিটি তাকে দিয়েছে। বিশেষ করে তার পারিবারিক জীবনে ম্যানচেস্টারের ভূমিকা অপরিসীম।

পুরো ক্যারিয়ারে দুর্দান্ত সহযোগিতার জন্য তিনি গার্দিওলা, সতীর্থ ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন। একইসাথে জানান, ক্লাবের সাথে সম্পৃক্ত থাকবেন তিনি।

মৌসুমের বাকি সময়টা তিনি ভক্ত ও খেলোয়াড়দের সিটির ম্যাচ উপভোগের আহবান জানান।

সিলভার পরবর্তী গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি। যদিও বিভিন্ন গণমাধ্যমের দাবি তিনি আবারো বেনফিকায় ফিরে যাচ্ছেন। এছাড়া স্পেন, সৌদি আরব ও মেজর লিগ সকারে তার ফেরা নিয়েও গুঞ্জন রয়েছে।

ইত্তিহাদে লিগের শেষ হোম ম্যাচে তাকে বিদায় জানাবে সিটি।