আল নাসেরের জয় ছাপিয়ে আলোচনায় রোনালদো

খেলা শুরুর আগেই মূলত আলোচনার ঝড় উঠে। যার কারণ রোনালদোর অনুপস্থিতি। জানা গেছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর বেজায় চটেছেন রোনালদো।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো |ইন্টারনেট

গুঞ্জন রটেছিল আগেই, শেষ পর্যন্ত হলোও তাই ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামে আল নাসের। তবে রোনালদোকে ছাড়া খেলতে নামলেও জয় পেয়েছে জর্জ জেসুসের দল।

আল রিয়াদের মাঠে সোমবার ১- ০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে আল নাসের। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সাদিও মানে। এই নিয়ে টানা ৫ ম্যাচে জিতলো দলটা।

রিয়াদের ওপর প্রভাব বিস্তার করে ১৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নাসের, দারুণ আক্রমণ করেন মানে। কিন্তু দ রিয়াদের গোলকিপার মিলান বরিয়ান তা ঠেকিয়ে দেন।

কিছুক্ষণ পর ফেলিক্সের দূরপাল্লার শটের প্রচেষ্টাও যায় বিফলে। তবে ম্যাচের ৪০তম মিনিটে ভাঙে ডেডলক। বক্সের মাঝখান থেকে দুর্দান্ত ফিনিশে জাল খুঁজে নেন সাদিও মানে।

এই গোলেই এগিয়ে যাওয়ার পাশাপাশি পেয়ে যায় জয়ের দেখাও। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে আল রিয়াদ। শেষ দিকে একাধিক সুযোগও তৈরি হয়। কিন্তু লাভ হয়নি।

তবে খেলা শুরুর আগেই মূলত আলোচনার ঝড় উঠে। যার কারণ রোনালদোর অনুপস্থিতি। জানা গেছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর বেজায় চটেছেন রোনালদো।

ক্লাব ব্যবস্থাপনা ও ট্রান্সফার নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই পর্তুগিজ মহাতারকাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে।

পিআইএফ মূলত সৌদি আরবের প্রধান চারটি ক্লাব নিয়ন্ত্রণ করে। রোনালদোর অভিযোগ, আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা।

যা নিয়েই রোনালদোর মূল ক্ষোভ। জর্জ জেসুসের কোচিংয়ে থাকা আল নাসর নতুন কোনো ভালো খেলোয়াড় পাচ্ছে না। অথচ অন্য ক্লাবগুলো ঠিকই বড় খেলোয়াড় দলে টানছে। যার জেরেই আজ মাঠে নামা হয়নি রোনালদোর।