ইংল্যান্ড সমর্থকদের জন্য সুখবর

আগামীকাল ম্যাসাচুসেটসের ফক্সবোরো স্টেডিয়ামে ঘানার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। এরপর ২৭ জুন পানামার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।

নয়া দিগন্ত অনলাইন
ক্লাব সতীর্থদের সাথে সাকা
ক্লাব সতীর্থদের সাথে সাকা |সংগৃহীত

ঘানার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের অনুশীলনে ফিরেছেন বুকায়ো সাকা।

পেশীর ইনজুরির কারণে শনিবার থেকে সাকা ব্যক্তিগত অনুশীলনে ছিলেন। গত কয়েক মাস যাবত আর্সেনালের হয়ে ঘরোয়া মৌসুমে এই ইনজুরি তাকে বেশ ভুগিয়েছে।

ইংল্যান্ড দলের হেড কোচ থমাস টাচেল জানিয়েছেন, পানামর বিপক্ষে গ্রুপ-এল’র শেষ ম্যাচের আগে তিনি রাইট উইঙ্গার সাকার ফিটনেস নিয়ে খুব একটা আশাবাদী নন। যদিও রোববার অনুশীলনে সাকা নিজের ফিটনেস প্রমাণ করেছেন।

এ সম্পর্কে টাচেল বলেন, ‘আমি ফিজিও ডিপার্টমেন্টের কেউ নই। কিন্তু তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। যে কারণে আশাবাদী হওয়াই যায়। আমি মনে করি গত কয়েক বছর সাকা ঘরোয়া ও আন্তর্জাতিক আসর মিলিয়ে প্রচুর ম্যাচ খেলেছে। আর্সেনালের হয়ে সে লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সে একজন অত্যন্ত উঁচু মানের খেলোয়াড় এবং তার প্রভাব মাঠে পুরো দলের ওপর পড়ে। সেটা আর্সেনাল কিংবা ইংল্যান্ড, যে দলই হোক না কেন। সবাই জানে দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পরবর্তী ধাপে এগিয়ে যাবার জন্য তার মতো খেলোয়াড়ের দলে প্রয়োজন রয়েছেন। এই ধরনের খেলোয়াড়কে সবসময়ই খেলানোর জন্য প্রস্তুত রাখতে হয়। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।’

একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, টুর্নামেন্টের ভবিষ্যত বিবেচনায় সাকা ইংল্যান্ডের দলীয় ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। ডালাসে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-২ গোলে জয়ের প্রথম ম্যাচে সাকা শেষ ১৮ মিনিট মাঠে ছিলেন। তার স্থানে আর্সেনাল সতীর্থ নোনি মাদুয়েকেকে মূল একাদশে খেলানো হয়।

আগামীকাল ম্যাসাচুসেটসের ফক্সবোরো স্টেডিয়ামে ঘানার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। এরপর ২৭ জুন পানামার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।