বাংলাদেশে বসছে সাফ চ্যাম্পিয়নশিপ

দীর্ঘ অপেক্ষার পর ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বসছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ, যা ঘরের মাঠে বাংলাদেশের শিরোপা খরা কাটানোর বড় সুযোগ।

নয়া দিগন্ত অনলাইন
হামজা চৌধুরী
হামজা চৌধুরী |সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারো বাংলাদেশের মাটিতে ফিরছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। ২০১৮ সালের পর এই প্রতিযোগিতা আবারো আয়োজন হবে বাংলাদেশে।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় ১৫তম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম চূড়ান্ত করা হয়। আগামী ৪ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। সব ম্যাচই হবে ঢাকায়।

মূলত ২০২৫ সালেই এই আসর আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে বাংলাদেশের হাতেই আয়োজনের দায়িত্ব তুলে দিয়েছে সাফ।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হবে আগামী ২৫ জুলাই ঢাকায়। আর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র।

ঘরের মাঠে এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাবেন হামজা চৌধুরী, শোমিত সোম ও ফাহামিদুল ইসলামরা। তাই এবারের আসরকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।

এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাংলাদেশ। ২০০৩ সালের সেই আসরেই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্রবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল লাল-সবুজের দল।

সবশেষ ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল বাংলাদেশ। তবে ২০ বছরের শিরোপা খরা কাটেনি। তবে ঘরের মাঠে সেই খরা কাটানোর দারুণ উপলক্ষ পাচ্ছে দল।

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। তারা এখন পর্যন্ত ৯ বার শিরোপা জিতেছে। ভারতের বাইরে মালদ্বীপ দুটি (২০০৮ ও ২০১৮), বাংলাদেশ (২০০৩), আফগানিস্তান (২০১৩) ও শ্রীলঙ্কা (১৯৯৫) একবার করে চ্যাম্পিয়ন হয়।