বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিলেন স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি। তবে একইসাথে সতর্ক করে দিলেন, আর্জেন্টিনাকে শুধু মেসি নির্ভর দল ভাবলে বড় ভুল হবে।
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রদ্রি বলেন, ‘প্রতিপক্ষের শক্তি সম্পর্কে স্পেন পুরোপুরি সচেতন। সচেতন মেসিকে নিয়েও।’
ফাইনালে স্পেনের জন্য ভয়ের কারণ হতে পারেন মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ খেলছেন তিনি। ৬ ম্যাচে ৮ গোল আর ৪ অ্যাসিস্ট করে আছেন গোল্ডেন বুটের দৌড়ে। তাকে নিয়ে আলাদাভাবে ভাবছে স্পেনও।
ফাইনালের আগে স্পেনের অন্যতম ভরসা রদ্রি এক সংবাদমাধ্যমকে বলেন, ‘লিওনেল মেসির অর্জনই তার পরিচয় দেয়ার জন্য যথেষ্ট। মেসি নিজেই নিজের পরিচয়। ব্যক্তিগত পুরস্কারের বাইরে তার পুরো ক্যারিয়ারই তার হয়ে কথা বলে।’
মেসির বর্তমান ফর্ম নিয়েও বিস্ময় প্রকাশ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার বলেন, ‘এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলা ও ৩৯ বছর বয়সেও এমন পারফরম্যান্স করা সত্যিই অবিশ্বাস্য। এই বয়সে এসে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়া অসাধারণ একটি ব্যাপার।’
সংবাদ সম্মেলনে মেসিকে সর্বকালের সেরা স্বীকৃতি দিয়ে রদ্রি আরো বলেন, ‘মেসি কে, সেটা নতুন করে বলার দরকার নেই। আমার কাছে তিনিই সর্বকালের সেরা ফুটবলার। তবে আর্জেন্টিনা শুধু মেসির দল নয়। আমার বিশ্বাস, সমষ্টিগত ফুটবলের দিক থেকে এই মুহূর্তে বিশ্বের সেরা দুই দলই হলো আর্জেন্টিনা ও স্পেন।’
বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনাও নজর এড়ায়নি রদ্রির। তবে মাঠের লড়াইয়ে গ্যালারির প্রভাব সীমিত বলেই মনে করেন তিনি।
‘সমর্থন অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যাচের নিষ্পত্তি হয় মাঠে। স্টেডিয়ামে অসংখ্য স্পেনের জার্সিও দেখেছি। আমরা মানুষের সমর্থন অনুভব করেছি। সেই সমর্থনের প্রতিদান দিতে মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেব,’ বলেন তিনি।
বিশ্বকাপের মতো বড় ম্যাচে আবেগ ও উত্তেজনা থাকলেও তা যেন স্পেনের খেলায় প্রভাব ফেলতে না পারে, সেদিকেও গুরুত্ব দিচ্ছেন রদ্রি।
‘এ ধরনের ম্যাচে অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। প্রতিপক্ষের কোনো উসকানিতে পা দেয়া যাবে না। নিজেদের পরিকল্পনা ও ফুটবলের ওপর বিশ্বাস রেখে খেলতে হবে,’ বলেন তিনি।
স্পেনের বর্তমান প্রজন্মকে নিয়েও দারুণ আশাবাদী এই ইউরো ও নেশনস লিগ জয়ী তারকা। তার বিশ্বাস, এই দল ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এখন বিশ্বকাপ জিততে পারলে ইতিহাসে বিশেষ জায়গা করে নেবে তারা।
‘আমরা ধাপে ধাপে বেড়ে উঠেছি। আমি আগেও বলেছিলাম, এই প্রজন্ম বড় কিছু করবে। আমরা নেশনস লিগ জিতেছি, ইউরো জিতেছি, আর এখন বিশ্বকাপের ফাইনালে। রোববার আমাদের সামনে এই প্রজন্মকে অবিস্মরণীয় করে রাখার সুযোগ,’ বলেন রদ্রি।
ইউরোপের শ্রেষ্ঠত্ব জয়ের পর এবার বিশ্ব ফুটবলের মুকুটও নিজেদের মাথায় তুলতে চায় স্পেন। তবে সেই পথে তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপের স্বপ্নে বিভোর আর্জেন্টিনা।



