বিশ্বকাপ থেকে বিদায়ে ঘানার দায়িত্ব ছাড়লেন কুইরোজ

কুইরোজ বলেন, ‘আমরা যা অর্জন করেছি তাতে আমি গর্ব নিয়েই দায়িত্ব শেষ করার ঘোষণা দিচ্ছি। কিন্তু যারা সবসময়ই আরো বেশি কিছু চায় তাদের জন্য বিশ্বকাপে এভাবে বিদায় নেয়াটা হতাশার।’

নয়া দিগন্ত অনলাইন
কার্লোস কুইরোজ
কার্লোস কুইরোজ |সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ড থেকে বিদায়ের পর ঘানার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কার্লোস কুইরোজ।

কানসাস সিটিতে নকআউট পর্বের ওই ম্যাচে শুক্রবার কলম্বিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ঘানা। এই ম্যাচে মাত্র আটবার গোলের সুযোগ তৈরি করতে পেরেছে ঘানা।

চার বছর আগে কাতার বিশ্বকাপে ইরানের কোচ ছিলেন কুইরোজ। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিতে গিয়ে কুইরোজ বলেন, ‘আমরা যা অর্জন করেছি তাতে আমি গর্ব নিয়েই দায়িত্ব শেষ করার ঘোষণা দিচ্ছি। কিন্তু যারা সবসময়ই আরো বেশি কিছু চায় তাদের জন্য বিশ্বকাপে এভাবে বিদায় নেয়াটা হতাশার।’

ভবিষ্যতে ঘানার আরো অনেকদুর যাওয়ার প্রত্যাশা করে কুইরোজ বলেন, ‘ব্ল্যাক স্টার্সদের ভবিষ্যত শুধুমাত্র মাঠেই রচিত হবে না, এখানে অনেক কিছু জড়িত।’

রিয়াল মাদ্রিদের কোচ ও ম্যানচেস্টার ইউনাইটেডে সাবেক এই সহকারী কোচ আরো বলেন, ‘উচ্চতর পর্যায়ে পৌঁছানো কখনোই শেষ গন্তব্য হওয়া উচিত নয়, বরং সেটিই হওয়া উচিত আরো বড় উচ্চাকাঙ্ক্ষার সূচনা। ব্ল্যাক স্টার্সের সাফল্যের ভিত্তি গড়ে উঠতে হবে মাঠের বাইরে- ঘানার অসাধারণ ফুটবল প্রতিভাদের প্রস্তুত করা, সুরক্ষা দেয়া এবং বিকশিত করার জন্য সর্বোত্তম পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে।’

অটো আদ্দোকে বরখাস্ত করার পর বিশ্বকাপকে সামনে রেখে চলতি বছরের এপ্রিলে কুইরোজকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

সূত্র : বাসস