জার্মানিকে হারানোর উচ্ছ্বাসে প্যারাগুয়েতে বুধবার সাধারণ ছুটি

দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় এ ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্বকাপে জাতীয় দলের অসাধারণ সাফল্য উদ্‌যাপনে পুরো জাতিকে একসাথে আনন্দ ভাগাভাগির সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক্রীড়া ডেস্ক
গোলরক্ষক অরলান্দো হিলের দুর্দান্ত নৈপুণ্যে টাইব্রেকারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারায় প্যারাগুয়ে
গোলরক্ষক অরলান্দো হিলের দুর্দান্ত নৈপুণ্যে টাইব্রেকারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারায় প্যারাগুয়ে |সংগৃহীত

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের আনন্দ উদ্‌যাপনে বুধবার (স্থানীয় সময়) দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে প্যারাগুয়ে সরকার।

দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় এ ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্বকাপে জাতীয় দলের অসাধারণ সাফল্য উদ্‌যাপনে পুরো জাতিকে একসাথে আনন্দ ভাগাভাগির সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে জার্মানির বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ সমতা ছিল। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় প্যারাগুয়ে। গোলরক্ষক অরলান্দো হিলের দুর্দান্ত নৈপুণ্য এবং সাডেন ডেথে হোসে কানালের সফল শট নিশ্চিত করে দলের স্মরণীয় এই জয়।

এই জয়ের মধ্য দিয়ে ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে আবারও শেষ ষোলোতে জায়গা করে নেয় প্যারাগুয়ে। একই সাথে বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে জার্মানির দীর্ঘদিনের অপরাজেয় ধারারও ইতি টানে তারা।

ঐতিহাসিক এই সাফল্যের পর রাজধানী আসুনসিওনসহ দেশের বিভিন্ন শহরে হাজারো সমর্থক জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠেন। রাতভর চলে বিজয় মিছিল, গান, নাচ এবং আতশবাজির উৎসব। সামাজিক যোগাযোগমাধ্যমেও জাতীয় দলের প্রশংসায় ভাসছে প্যারাগুয়ে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের এই সাফল্য দেশের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। তাই খেলোয়াড়দের সম্মান জানাতে এবং জনগণকে উদ্‌যাপনের সুযোগ দিতেই এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শেষ ষোলোতে প্যারাগুয়ের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। জার্মানিকে বিদায় করে আত্মবিশ্বাসে উজ্জীবিত প্যারাগুয়ে এবার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।