বিশ্বকাপ হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদজুড়ে উৎসবের জোয়ার

মাদ্রিদে বিমান অবতরণের পর সবার দৃষ্টি ছিল একটি ট্রফির দিকেই। বিমান থেকে নামার সময় স্পেন অধিনায়ক রদ্রি উঁচিয়ে ধরেন বিশ্বকাপের সোনালি ট্রফি। করতালি আর উল্লাসে বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানান বিমানবন্দরে উপস্থিত সমর্থকেরা।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বকাপ হাতে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপ হাতে দেশে ফিরেছে স্পেন |সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়েই দেশে ফিরেছে স্পেন ফুটবল দল। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের যুক্তরাষ্ট্র থেকে মাদ্রিদে পৌঁছেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। তাদের বরণ করে নিতে রাজধানী জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ।

সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদে পা রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে শিরোপাজয়ীদের বরণে রাস্তায় নেমে আসার প্রস্তুতি নিয়েছেন লাখো সমর্থক।

মাদ্রিদে বিমান অবতরণের পর সবার দৃষ্টি ছিল একটি ট্রফির দিকেই। বিমান থেকে নামার সময় স্পেন অধিনায়ক রদ্রি উঁচিয়ে ধরেন বিশ্বকাপের সোনালি ট্রফি। করতালি আর উল্লাসে বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানান বিমানবন্দরে উপস্থিত সমর্থকেরা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে অতিরিক্ত সময়ে ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন।

এই শিরোপার মধ্য দিয়ে ২০১০ সালের পর আবারো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল লা রোজারা। পুরো টুর্নামেন্টজুড়ে দাপুটে পারফরম্যান্স দেখানো স্পেন মাত্র একটি গোল হজম করেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে।

দেশে ফেরার পর দলটিকে নিয়ে খোলা বাসে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ঐতিহ্যবাহী উদযাপনস্থলে গিয়ে সমর্থকদের সাথে শিরোপা উদযাপন করবেন রদ্রি, লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামসরা।

দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ঘরে ফেরায় এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে মাদ্রিদসহ গোটা স্পেন। রাস্তাঘাট, চত্বর আর শহরের বিভিন্ন প্রান্ত লাল-হলুদ পতাকা ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে।