বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে দলে থাকছেন না রোনালদো

‘বিশ্বকাপে পর্তুগালের সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার সাথে থাকবেন গনসালো রামোস। তবে আমরা ভিন্ন প্রোফাইলের একজন তৃতীয় স্ট্রাইকারের খোঁজে আছি।’

নয়া দিগন্ত অনলাইন
পর্তুগালের সেন্ট্রাল ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো
পর্তুগালের সেন্ট্রাল ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো |সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগাল দলে থাকছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী রোনালদো ফেব্রুয়ারির শেষ থেকে সৌদি ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামতে পারেননি।

কিন্তু পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে রোনালদোকে নিয়ে কোনো ঝুঁকি নেই।

এক সংবাদ সম্মেলনে কোচ মার্টিনেজ বলেন, ‘রোনালদোর ইনজুরির মাত্রা খুবই অল্প। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে রোনালদো মাঠে ফিরতে পারেন। এবারের মৌসুমে রোনালদো যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন তাতে তার মধ্যে কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা যায়নি।’

তিনি আরো বলেন, ‘বিশ্বকাপে পর্তুগালের সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার সাথে থাকবেন গনসালো রামোস। তবে আমরা ভিন্ন প্রোফাইলের একজন তৃতীয় স্ট্রাইকারের খোঁজে আছি।’

আগামী ২৮ মার্চ মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দু’ দিন পর অর্থাৎ ৩১ মার্চ আটালান্টায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পর্তুগাল।

কোচ মার্টিনেজ বলেন, ‘বিশ্বকাপের আগে চূড়ান্ত ট্রেনিং ক্যাম্পকে সামনে রেখে দল নিয়ে পরীক্ষা করার এটাই শেষ সুযোগ।’

বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও প্লে-অফ বিজয়ী দল।

পর্তুগালের স্কোয়াড :
গোলরক্ষক : দিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা।

ডিফেন্ডার : মাথিয়াস নুনেস, দিয়োগো ডালোট, হুয়াও ক্যান্সেলো, নুনো মেনডেস, গনসালো ইনাসিও, রেনাটো ভেইগা, অ্যান্টোনিও সিলভা, টমাস আরাউজো।

মিডফিল্ডার : রুবেন নেভেস, সামু কস্টা, মাটিয়াস ফার্নান্দেজ, হুয়া নেভেস, ভিটিনহা, ব্রুনো ফার্নান্দেস, রডরিগো মোরা।

ফরোয়ার্ড : রিকার্ডো হর্তা, পেড্রো গনসালভেস, হুয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ট্রিনকাও, ফ্রান্সিকো কনসেইকাও, রাফায়েল লিয়াও, পেড্রো নেটো, গনসালো গুয়েডেস, গনসালো রামোস।

সূত্র : বাসস