ক্রোয়েশিয়াকে হারিয়ে পর্তুগালের সামনে স্পেন চ্যালেঞ্জ

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। শেষ ৩২ দলের রাউন্ডে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী স্পেন। ফলে পর্তুগালের জন্য এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম কঠিন পরীক্ষা।

ক্রীড়া ডেস্ক
পর্তুগাল দল
পর্তুগাল দল |সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। শ্বাসরুদ্ধকর এই জয়ের পর এবার আরো কঠিন পরীক্ষার অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদোদের দল। পরবর্তী প্রতিপক্ষ ইউরোপের আরেক শক্তিশালী দল স্পেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়টি সহজ ছিল না। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও দৃঢ়তার পরিচয় দিয়ে জয় নিশ্চিত করে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। তবে শেষ ষোলোয় তাদের সামনে অপেক্ষা করছে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। শেষ ৩২ দলের রাউন্ডে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী স্পেন। ফলে পর্তুগালের জন্য এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম কঠিন পরীক্ষা।

স্পেনকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেতে পারে পর্তুগাল। শেষ ষোলোর আরেক ম্যাচে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে খেলবে তারা। সম্ভাব্য সেই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুলাই।

কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে পর্তুগালের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স, কানাডা, মরক্কো অথবা প্যারাগুয়ে। তবে এত দূরের হিসাব কষার আগে স্পেনের বাধা অতিক্রম করাই এখন পর্তুগালের মূল লক্ষ্য।

টুর্নামেন্টের শুরুতে নিজেদের পথ কিছুটা কঠিন করে তোলে পর্তুগালই। গ্রুপপর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তুলনামূলক সহজ ড্র পেতে পারত তারা। কিন্তু সেই ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় দ্বিতীয় স্থান নিয়ে নকআউট পর্বে উঠতে হয় রোনালদোদের। ফলে শুরু থেকেই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

এখন দেখার বিষয়, স্পেনের বিপক্ষে জয় তুলে নিয়ে পর্তুগাল কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না। দুই ইউরোপীয় পরাশক্তির এই লড়াইকে ইতোমধ্যেই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।