শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল সহ-আয়োজক কানাডা। শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে তারা।
অন্যদিকে প্রথমবার নকআউট পর্বে খেলেও সেখান থেকেই বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। শেষ ষোলোর টিকিট কাটতে তাদের বাড়ল আরো চার বছরের অপেক্ষা।
রোববার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কানাডা। পুরো ম্যাচে ১২টি শট নেয় তারা, যার মাঝে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে দক্ষিণ আফ্রিকা ৬টি শট নিলেও মাত্র ১টি ছিল অন টার্গেটে।
কিন্তু প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কানাডা। ২২তম মিনিটে ডেরেক কর্নেলিয়াসের হেড সহজেই তালুবন্দি করেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস।
৪৩তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আরেকটি নিশ্চিত সুযোগও দুর্দান্ত সেভে রুখে দেন তিনি। বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে কানাডা। ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের শট পা বাড়িয়ে ঠেকিয়ে দেন উইলিয়ামস।
এরপরও কয়েকবার বিপদে পড়লেও দৃঢ় রক্ষণে টিকে ছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল।
ডান প্রান্ত থেকে জনস্টনের ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডার ক্লিয়ার করলেও বল বক্সের বাইরে পেয়ে বুক দিয়ে নিয়ন্ত্রণ নেন স্টিভেন ইউস্টাকিও। জোরাল শটে বল জালে পাঠিয়ে কানাডাকে ১-০ ব্যবধানে জয় এনে দেন তিনি।
এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করল কানাডা। আর প্রথমবার নকআউট পর্বে খেলেও স্বপ্নভঙ্গ হলো দক্ষিণ আফ্রিকার।



