অপেক্ষা ফুরানোর রাতে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন উনাই সিমন

বিশ্বকাপের ৩৬ বছর ধরে অক্ষুণ্ণ এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন স্পেনের এই গোলরক্ষক। গড়েছেন বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি সময় গোল হজম না করার রেকর্ড।

নয়া দিগন্ত অনলাইন
স্পেনের গোলরক্ষক উনাই সিমন
স্পেনের গোলরক্ষক উনাই সিমন |সংগৃহীত

বিশ্বকাপে ১৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে স্পেন। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে জয় পেয়েছে লা রোজা। নিশ্চিত করেছে শেষ ষোলো পর্ব।

এই জয়ে নতুন ইতিহাস গড়েছেন উনাই সিমন। বিশ্বকাপের ৩৬ বছর ধরে অক্ষুণ্ণ এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন স্পেনের এই গোলরক্ষক। গড়েছেন বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি সময় গোল হজম না করার রেকর্ড।

অস্ট্রিয়ার বিপক্ষে গোল হজম না করায় বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট ক্লিন শিট ধরে রাখার কীর্তি গড়েছেন সিমন। এর মধ্য দিয়ে ভেঙে দিয়েছেন ইতালির কিংবদন্তি ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছর পুরনো রেকর্ড।

১৯৯০ বিশ্বকাপে জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে যে রেকর্ড গড়েছিলেন, এতদিন সেটিই ছিল বিশ্বকাপ ইতিহাসে কোনো গোলরক্ষকের দীর্ঘতম ক্লিন শিটের নজির। তিন যুগের বেশি সময় পর সেই সিংহাসনে বসলেন সিমন।

বিশ্বকাপের ইতিহাসে টানা সর্বোচ্চ সময় গোল না খাওয়ার তালিকায় এখন দ্বিতীয় স্থানে নেমে গেছেন জেঙ্গা। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিলটন, যিনি টানা ৫০০ মিনিট নিজের জাল অক্ষত রেখেছিলেন।

সিমনের এই রেকর্ডযাত্রার শুরু অবশ্য ২০২২ কাতার বিশ্বকাপেই। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ৫১ মিনিটে আও তানাকার গোলের পর আর কোনো বল তার জালে জড়ায়নি।

সেই ম্যাচের বাকি সময়, মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ১২০ মিনিট ও ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচ মিলিয়ে টানা ৫১৯ মিনিট গোল হজম করেননি তিনি।

এই কীর্তিতে স্পেনের হয়েও নতুন ইতিহাস লিখেছেন সিমন। এতদিন দেশটির হয়ে বিশ্বকাপে টানা সর্বোচ্চ ৪৭৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ড ছিল কিংবদন্তি ইকার কাসিয়াসের দখলে।

২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে গড়া সেই রেকর্ডও এখন অতীত। কাসিয়াসকে ছাড়িয়ে স্পেনের ইতিহাসে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

এবারের বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগ যেমন প্রতিপক্ষের রক্ষণে ঝড় তুলছে, তেমনি শিরোপার পথে তাদের অন্যতম বড় শক্তি হয়ে উঠেছে রক্ষণভাগ। আর সেই রক্ষণের শেষ প্রহরী উনাই সিমন যেন আরো প্রাণবন্ত।