বিশ্বকাপের গ্রুপ পর্বে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ম্যাচ শেষে বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং জানিয়েছেন, ৩৯ বছর বয়সেও লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স তাকে মোটেও বিস্মিত করে না। তার ভাষায়, ‘মেসি তো মেসিই। লিও ইতিহাসের সেরা খেলোয়াড়, তাই এতে অবাক হওয়ার কিছু নেই।’
কানসাস সিটি স্টেডিয়ামে জয় পাওয়ার পর ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘ওলে’কে দেয়া সাক্ষাৎকারে সাবেক বার্সেলোনা সতীর্থের প্রশংসা করেন ডাচ এই তারকা। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে একসাথে খেলেছেন মেসি ও ডি ইয়ং। এ সময় ৮০ ম্যাচে মাঠ ভাগাভাগি করেন তারা। ডি ইয়ংয়ের পাস থেকে মেসি পাঁচটি এবং মেসির পাস থেকে ডি ইয়ং দুটি গোল করেন। ২০২০-২১ মৌসুমে বার্সেলোনার কোপা দেল রে জয়ের পেছনেও ছিল তাদের কার্যকর বোঝাপড়া।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ে জড়ালেও মেসির প্রতি নিজের শ্রদ্ধা অটুট রয়েছে বলে জানান ডি ইয়ং। তিনি বলেন, ‘আর্জেন্টিনা বরাবরের মতোই দুর্দান্ত খেলছে। তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, দলে অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। সবচেয়ে বড় বিষয়, তারা দল হিসেবে খুবই ঐক্যবদ্ধ।’
তবে আপাতত আর্জেন্টিনা নয়, নকআউটে মরক্কোকেই পূর্ণ মনোযোগের কেন্দ্রবিন্দুতে রেখেছেন ডাচ মিডফিল্ডার। তিনি বলেন, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই ছিল আমাদের প্রথম লক্ষ্য। এখন আমরা এক ম্যাচ করে এগোতে চাই। মরক্কো খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে কঠিন লড়াই হবে, তবে আমরা প্রস্তুত।’



