নকআউটের পথ পরিষ্কার, মেসিদের সামনে অপেক্ষা কার?

আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হয়ে নকআউটে তুলনামূলক সহজ পথ পেয়েছে। শেষ ৩২-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে, আর কোয়ার্টার ফাইনাল থেকে অপেক্ষা করতে পারে পর্তুগাল বা কলম্বিয়ার মতো শক্তিশালী দল। সেমিফাইনালে ব্রাজিল বা ইংল্যান্ডের বিপক্ষে মহারণের সম্ভাবনা রয়েছে, তবে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস বা স্পেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র ফাইনালে।

নয়া দিগন্ত অনলাইন
লিওনেল মেসি
লিওনেল মেসি |সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনো শেষ হয়নি, কিন্তু আর্জেন্টিনা ইতোমধ্যেই নিজেদের কাজ অনেকটাই সেরে ফেলেছে। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পাশাপাশি জর্ডানের পরাজয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হয়ে গেছে লিওনেল স্কালোনির দল।

ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যাই ঘটুক না কেন, শীর্ষস্থান আর হারানোর সুযোগ নেই আলবিসেলেস্তেদের। নকআউটে তারা উঠবে গ্রুপসেরা হিসেবেই। এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই- বিশ্বকাপের বাকি পথটা কেমন হতে পারে মেসিদের?

নকআউটের সমীকরণ

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বের সম্ভাব্য পথও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর্জেন্টিনার জন্য। যদি তারা ধাপে ধাপে এগিয়ে যেতে পারে, তাহলে ফাইনাল পর্যন্ত সম্ভাব্য সূচিও এখন নির্ধারিত।

বাংলাদেশ সময় অনুযায়ী সম্ভাব্য সূচি

রাউন্ড অব ৩২ : ৪ জুলাই, শনিবার, ভোর ৪টা

রাউন্ড অব ১৬ : ৭ জুলাই, মঙ্গলবার, রাত ১০টা

কোয়ার্টার ফাইনাল : ১২ জুলাই, রোববার, সকাল ৭টা

সেমিফাইনাল : ১৫ জুলাই, বুধবার দিবাগত রাত ১টা

ফাইনাল : ১৯ জুলাই, রোববার দিবাগত রাত ১টা

প্রথম বাধা কে

রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল। এই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। দুই ম্যাচ শেষে স্পেন শীর্ষে থাকলেও রানার্সআপের লড়াই এখনো পুরোপুরি খোলা। তাই আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় রয়েছে উরুগুয়ে, কেপ ভার্দে, সৌদি আরব, এমনকি স্পেনও।

সবচেয়ে বেশি সম্ভাবনা অবশ্য উরুগুয়ের। তবে শেষ ম্যাচের ফলাফল বদলে দিতে পারে পুরো হিসাব।

শেষ ষোলোতে অপেক্ষা করতে পারে কারা

প্রথম নকআউট ম্যাচ জিততে পারলে আর্জেন্টিনার সামনে আসতে পারে গ্রুপ ‘ডি’ ও ‘জি’-এর রানার্সআপদের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় আছে বেলজিয়াম, ইরান, অস্ট্রেলিয়া বা প্যারাগুয়ে। কাগজে-কলমে এগুলো শক্তিশালী দল হলেও ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কয়েকটি বড় পরাশক্তির তুলনায় পথটি তুলনামূলক স্বস্তিদায়ক বলেই মনে করা হচ্ছে।

কোয়ার্টার ফাইনালে বড় পরীক্ষা

বিশ্বকাপের আসল উত্তাপ শুরু হতে পারে শেষ আটে। এই পর্যায়ে আর্জেন্টিনার সামনে আসতে পারে পর্তুগাল, কলম্বিয়া, সুইজারল্যান্ড কিংবা কানাডার মতো দল। বিশেষ করে পর্তুগাল ও কলম্বিয়া সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায়।

মেসি বনাম রোনালদো- বিশ্বকাপের মঞ্চে এমন এক মহারণের সম্ভাবনাও তাই পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সেমিফাইনালে হতে পারে মহারণ

ড্র অনুযায়ী আর্জেন্টিনা রয়েছে টুর্নামেন্টের ওপরের অর্ধে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেমিফাইনালে তাদের সামনে দাঁড়াতে পারে ব্রাজিল অথবা ইংল্যান্ড।

বিশেষ করে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল যদি নিজেদের পথ ধরে এগিয়ে যায়, তাহলে শেষ চারে দেখা যেতে পারে বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি।

ফাইনালের আগে নেই ফ্রান্স-জার্মানি শঙ্কা

আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির বিষয় হলো, ড্রয়ের অন্য অংশে রয়েছে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও স্পেনের মতো দল। অর্থাৎ সবকিছু স্বাভাবিক থাকলে ফাইনালের আগে এই পরাশক্তিদের কারো মুখোমুখি হতে হবে না মেসিদের। শিরোপা লড়াইয়ে এসব দলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র ১৯ জুলাইয়ের ফাইনালে।

গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের অবস্থান শক্ত করে ফেলেছে আর্জেন্টিনা। মেসির রেকর্ডগড়া ফর্ম, আত্মবিশ্বাসে ভরপুর দল এবং তুলনামূলক সুবিধাজনক নকআউট পথ- সব মিলিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন এখন আরো উজ্জ্বল।

তবে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো হিসাবই আগে থেকে নিশ্চিত নয়। একটিমাত্র ভুলই শেষ করে দিতে পারে চার বছরের স্বপ্ন।