অবশেষে শেষ হচ্ছে বাংলাদেশ ফুটবলে হাভিয়ের কাবরেরা অধ্যায়। বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই স্প্যানিশ কোচ। তার সাথে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার অনুষ্ঠিত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে কাবরেরাকে বিদায় দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরুর পথও খুলে যায়।
২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশের দায়িত্ব নেন কাবরেরা। চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩০ এপ্রিল।
যদিও চুক্তির মেয়াদ বহাল থাকছে, তবে সামনে কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় কার্যত তার দায়িত্বও শেষ হয়ে গেছে। আর
এই সময়ের মধ্যেই নতুন কোচ খোঁজার কাজ শুরু করবে বাফুফে। আর আগামী ১ মে থেকে আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে ‘হাইপ্রোফাইল’ প্রার্থী খোঁজার কথা জানিয়েছে বাফুফে। দু’বছরের জন্য যাকে নিয়োগ দেয়া হবে।
একইসাথে একজন অভিজ্ঞ গোলরক্ষক কোচও নিয়োগের পরিকল্পনা রয়েছে। গোলরক্ষক কোচও একই মেয়াদে এবং একই প্রক্রিয়ায় নিয়োগ পাবেন।
উল্লেখ্য, কাবরেরার অধীনে বাংলাদেশ ৩৯টি ম্যাচ খেলেছে, যেখানে জয় এসেছে মাত্র ১০টিতে। ড্র করেছে ১০টি ম্যাচে আর হেরেছে ১৯ ম্যাচ। বড় কোনো টুর্নামেন্টে উল্লেখযোগ্য সাফল্য নেই।
সাফ চ্যাম্পিয়নশিপ জেতা তো দূরের কথা, এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে নিতে পারেনি দল। যদিও ভারতের বিপক্ষে একটি জয় ছিল কেবল বলার মতো সাফল্য।
ফিফা র্যাঙ্কিংয়েও বড় কোনো উন্নতি দেখা যায়নি। কাবরেরা দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশের অবস্থান ছিল ১৮৬। মাঝপথে তা নেমে গিয়েছিল ১৯২ এ। যদিও এখন আছে ১৮১ তম স্থানে।


