প্রথমার্ধটা মোটেও সুখকর হয়নি ব্রাজিলের। নিষ্প্রাণ আক্রমণ তো ছিলই, তবে পেনাল্টি পেয়েও গোল করতে না পারাটা চাপে ফেলে দিয়েছে তাদের।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে লড়াই চলছে নরওয়ের। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে রোববার দুই দল মুখোমুখি হয়েছে শেষ আটে জায়গা করে নেয়ার লক্ষ্যে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার উপলক্ষ পায় নরওয়ে। তৃতীয় মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে উঠে আলেকজান্ডার সোরলথ বল পাস বাড়িয়ে দেন প্যাট্রিক বের্গের দিকে। তার শট জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে নরওয়ে।
তবে সেই আনন্দ স্থায়ী হয়নি। সহকারী রেফারি সাথে সাথেই অফসাইডের পতাকা তোলেন। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের শুরুতে সোরলথ অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়।
প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটি এসেছিল ব্রাজিলের সামনে। বক্সের ভেতর মাতেউস কুনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ১৪ মিনিটে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস।
তার শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড।
এই পেনাল্টি মিসের মধ্য দিয়ে চার দশকের একটি রেকর্ড ভেঙেছে সেলেসাওরা। ১৯৮৬ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে জিকোর পেনাল্টি মিসের পর বিশ্বকাপে আর কোনো ব্রাজিলিয়ান পেনাল্টি মিস করেননি।
পেনাল্টি মিসের ধাক্কা সামলে উঠতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধে আরো কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগেনি। গোল পায়নি নরওয়েও। তাতে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য।
প্রথমার্ধে ৬৪ শতাংশ বল দখলে রেখে চারটি আক্রমণ করে দুটি লক্ষ্যে রাখে নরওয়ে। আর ৩৬ শতাংশ বল দখলে রাখা ব্রাজিল ছয় শট নিয়ে নরওয়ের সমান দুটিই লক্ষ্যে রাখে।



