বিশ্বকাপে আরো এক দুষ্প্রাপ্য রেকর্ড মেসির

জর্ডানের বিপক্ষে গোল করে টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। তার গোলে ৩-১ ব্যবধানে জিতে গ্রুপ পর্ব শেষ করেছে আর্জেন্টিনা।

নয়া দিগন্ত অনলাইন
লিওনেল মেসি
লিওনেল মেসি |সংগৃহীত

বিশ্বকাপে রেকর্ডের পসরা সাজিয়ে বসেছেন যেন লিওনেল মেসি। প্রতি ম্যাচেই নিত্য-নতুন রেকর্ড গড়ে চলেছেন তিনি। ব্যতিক্রম হয়নি আজও, গড়েছেন আরো একটা দুষ্প্রাপ্য রেকর্ড।

জর্ডানের বিপক্ষে আজকের ম্যাচে শুরু থেকে না খেললেও বদলি হিসেবে নেমেই গোলের দেখা পান আর্জেন্টাইন মহাতারকা। আর গড়লেন নতুন আরেকটি বিশ্ব রেকর্ড।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করলেন মেসি। যে রেকর্ড নেই আর কারো।

এর আগে টানা ছয়টি করে ম্যাচে গোল দিয়ে রেকর্ডটি ছিল ফ্রান্সের জাস্ট ফন্তেইন (১৯৫৮) ও ব্রাজিলের জার্জিনিয়োর (১৯৭০)।

২০২২ সালের কাতার বিশ্বকাপে শেষ চার ম্যাচে গোল করেছিলেন মেসি। আর এবার গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করে ফন্তেইন ও জার্জিনিয়োকে ছাড়িয়ে সিংহাসনে দখলে নিলেন তিনি।

জর্ডানের বিপক্ষে ম্যাচের ৮০ মিনিটে গোল করে বিশ্ব রেকর্ডটি নিজের নামে লিখিয়েছেন মেসি। সব মিলিয়ে চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ আর বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম গোল।

সরাসরি ফ্রি কিক থেকে করা এই গোলে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার রেকর্ডটাও আরো সমৃদ্ধ করেছেন তিনি। ১৬ গোল নিয়ে তার পেছনে মিরোসাভ ক্লোসা ও কিলিয়ান এমবাপ্পে।

এদিকে মেসির আগে আর্জেন্টিনার হয়ে আজ গোল করেছেন জিওভানি লো সেলসো। দারুণ এক ফ্রি–কিক থেকে ১৯ মিনিটে দলের প্রথম গোলটি করেন তিনি।

এর ১২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করেছেন লাউতারো মার্তিনেজ। আরভারেজ ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। যা থেকেই বিশ্বকাপে প্রথম গোল পান লাউতারো।

এরপর অবশ্য মুসা আর-তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। ম্যাচের ৫৫ মিনিটে গোল পেয়েছেন বদলি হিসেবে নামা এই ফুটবলার। স্কোর হয় ২-১।

তবে মেসির গোলে ব্যবধানে আবারো বাড়ে। যা আর কমাতে পারেনি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা জর্ডান।