প্যারিসে লুইস এনরিকের অধ্যায় আরো দীর্ঘ হচ্ছে। পিএসজিকে ইউরোপের সেরা মঞ্চে সাফল্য এনে দেয়া স্প্যানিশ কোচের ওপর আস্থা রেখে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। একইসাথে পাঁচ খেলোয়াড়ের সাথেও নতুন চুক্তিতে সম্মত হয়েছে ক্লাবটি।
শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পিএসজি। ২০২৩ সালে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলকে কোচিং করানো এনরিকে পিএসজির দায়িত্ব নেন। এরপর থেকেই ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল সময় চলছে।
এনরিকের অধীনে পিএসজি দু’টি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লিগ আঁ শিরোপা জিতেছে। বিশেষ করে ২০২৪-২৫ মৌসুমে ছয়টি ট্রফি জিতে নিজেদের ইতিহাসে অনন্য সাফল্য পায় তারা। এরপর ক্লাব বিশ্বকাপের প্রথম আসরেও ফাইনালে খেলে ফরাসি ক্লাবটি।
এনরিকের পাশাপাশি ডিফেন্ডার লুকাজ বেরাওদো, উইলিয়ান পাচু, মিডফিল্ডার জুয়াও নেভ্স ও পিএসজির একাডেমিতে বেড়ে ওঠা সেনি মায়ুলুর সাথেও নতুন চুক্তিতে সম্মত হয়েছে ক্লাবটি। এই চার খেলোয়াড়ই ২০৩১ সাল পর্যন্ত প্যারিসে থাকবেন।
অন্যদিকে স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইসের সাথে চুক্তি নবায়ন করা হয়েছে ২০২৮ সাল পর্যন্ত। তার চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
এনরিকের চুক্তি নবায়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি চুক্তিতে ধরে রাখার সিদ্ধান্তে পিএসজির ভবিষ্যৎ পরিকল্পনাও স্পষ্ট হয়েছে। ইউরোপের সেরা মঞ্চে সাফল্যের পর এবার এনরিকের হাত ধরেই সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় প্যারিসের ক্লাবটি।



