ফ্রান্সও মুখ ফিরিয়ে নিলো, চাপে ইনফান্তিনো

বিনিয়োগকারীদের কাছ থেকে বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানায় তিনটি বড় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- ইউরোপের উয়েফা, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

নয়া দিগন্ত অনলাইন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো |ইন্টারনেট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। এতদিন পাশে থাকা ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এবার তার সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। প্রভাবশালী এই সংস্থার এমন সিদ্ধান্তে আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনের আগে ইনফান্তিনোর ওপর চাপ আরো বাড়ল।

২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ফিফার শীর্ষ পদে থাকা ইনফান্তিনোর আগামী বছরের নির্বাচনে জয়কে এতদিন অনেকটাই নিশ্চিত মনে করা হচ্ছিল। তবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের ৪.২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির ব্যর্থ পরিকল্পনা সামনে আসার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

একাধিক মহাদেশীয় ও জাতীয় ফুটবল সংস্থা তার পদত্যাগ কিংবা তাকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এফএফএফ। সংস্থাটি বলেছে, শুরুতে ইনফান্তিনোকে সমর্থন করা হলেও সেই সমর্থনের শর্তগুলো এখন আর পূরণ হচ্ছে না।

এফএফএফের ভাষায়, ‘যদিও প্রাথমিকভাবে ফিফা সভাপতিকে সমর্থন দেয়া হয়েছিল, যিনি তখন তার নিজের উত্তরসূরি হিসেবে একমাত্র প্রার্থী ছিলেন, তবে সেই সমর্থনের শর্তগুলো আর পূরণ হচ্ছে না।’

বিবৃতিতে আরো বলা হয়, গত ২৯ জুন এফএফএফের সমর্থন প্রকাশের পর ফিফার পরিচালনা ও সভাপতির সাথে সরাসরি জড়িত এবং সুশাসনের মৌলিক নীতি ও ফুটবলের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক একাধিক ঘটনা ঘটেছে।

বিনিয়োগকারীদের কাছ থেকে বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানায় তিনটি বড় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- ইউরোপের উয়েফা, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

সমর্থন প্রত্যাহারের ক্ষেত্রে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও সার্বিয়ার ফুটবল ফেডারেশনের সাথে এবার যোগ হলো ফ্রান্সও। ফলে নির্বাচনের আগে ইনফান্তিনোর জন্য চ্যালেঞ্জটা যে ক্রমেই বড় হচ্ছে, তা স্পষ্ট।

ইনফান্তিনোকে চ্যালেঞ্জ করতে ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। এখন পর্যন্ত অবশ্য কোনো প্রার্থী জোরালোভাবে নিজের আগ্রহের কথা প্রকাশ করেননি। তবে কনক্যাকাফ সভাপতি ও বর্তমান ফিফা সহ-সভাপতি ভিক্টর মন্টালিয়ানি প্রার্থী হতে পারেন বলে আলোচনা রয়েছে।