সাফ চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার টানা তৃতীয় শিরোপা জয়ের অপেক্ষায় টাইগ্রেসরা। সেই লক্ষ্যে মাঠে নামছে পিটার বাটলারের দল।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় শুরু হবে খেলা।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত দু’টি সাফজয়ী দলের সদস্য মারিয়া মান্দা এবারের আসরে নেতৃত্ব দেবেন দলকে।
ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর শুরু হয়েছে দুই দিন আগে। মালদ্বীপের বিপক্ষে ভারত ১১ গোলে জেতার পর গত সাত আসরের ছয়বার ফাইনাল খেলা নেপাল ১-০ গোলে হারিয়েছে ভুটানকে।
গ্রুপের তিন দলের মাঝে দু’টি উঠবে সেমিফাইনালে। ভুটানের জালে ১১ গোল দিয়ে সেই পথটা পরিষ্কার করেই রেখেছে ভারত। ফলে বাংলাদেশের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
গ্রুপসেরা হতে হলে বাংলাদেশের সামনে দু’টি পথ। প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় ম্যাচের ভারতের বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়া। আর যদি ভারতের বিপক্ষে ড্র হয় তাহলে গোলগড় দেখতে হবে।
তাই তো বাংলাদেশকে প্রথম ম্যাচে ভারতের চেয়ে বেশি গোল দিয়ে রাখতে হবে ভুটানকে। ফুটবলে অবশ্য এভাবে গুনেগুনে গোল দেওয়া কঠিন। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা বেশ কঠিন হবে।
বাংলাদেশ আগের দুই ফাইনালে হারিয়েছে নেপালকে এবং নেপালের মাটিতেই। এবার সেই নেপালের সাথে বাংলাদেশের দেখাটা সেমিফাইনালেই হয়ে যেতে পারে যদি গ্রুপ সেরা না হতে পারে।
অবশ্য ভারতকে হারানো কঠিন কিছু নয় বাংলাদেশের জন্য। গত দুই সাফেও বাংলাদেশ ও ভারত এক গ্রুপে ছিল। দুইবারই বাংলাদেশ জিতেছে। ফলে এবারও আশাবাদী বাংলাদেশ।
আগের দুইবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে। প্রথমবার কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন, দ্বিতীয়বার পিটার বাটলার। এবার অধিনায়ক অভিজ্ঞ মারিয়া মান্দা।
সাবিনা খাতুন দল থেকে বাদ পড়ার পর অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছিলেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। এশিয়ান কাপেও তিনি ছিলেন অধিনায়ক। এমন কি এবারের আসরেও তাকে নেতৃত্বে রেখেই দল ঘোষণা করা হয়।
তবে বাংলাদেশ দল গোয়ায় পৌঁছালে কোচ পিটার বাটলার বদলে ফেলেন অধিনায়ক। অধিনায়কত্ব পান মারিয়া মান্দা।
এদিকে মারিয়ারা যেদিন মাঠে নামছেন, সেদিন বাংলাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এমন বিশেষ দিনে দেশের মানুষকে বিশেষ উপহার দিতে অধিনায়ক বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে আমরা ভালো খেলব এবং ভালো একটা রেজাল্ট দেব। আমরা ভালো কিছু করলে সেটা আমাদের দেশের জন্য ভালো কিছু দেয়া। দেশবাসীকে অবশ্যই ঈদ উপহার হিসেবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’



