২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার ফুটবল ফেডারেশন সোমবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনা করে তিনটি কনফেডারেশনের দেয়া বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছে।
ইউএস সকার, কানাডা সকার, ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন (সিএফইউ) এবং সেন্ট্রাল আমেরিকান ফুটবল ইউনিয়ন (ইউএনসিএএফ) বলেছে, ‘ফিফার পরিচালনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো শক্তিশালী করতে অর্থবহ পরিবর্তনের আহ্বান জানাতে আমরা বিশ্বের অন্যান্য সহকর্মীদের সাথে একযোগে অবস্থান করছি।’
এর ফলে এবারের বিশ্বকাপের তৃতীয় সহ-আয়োজক মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্র ও কানাডার অবস্থানের পার্থক্য স্পষ্ট হলো। মেক্সিকো ইনফান্তিনোর প্রতি আগেই সমর্থন জানিয়েছে।
নতুন একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠন করে বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগ সংগ্রহের পরিকল্পনা প্রথমে প্রস্তাব এবং পরে বাতিল করার পর থেকেই ইনফান্তিনো তীব্র চাপের মুখে রয়েছেন।
ফিফা পাল্টা জবাব দিয়ে বলেছিল, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও ইনফান্তিনোকে দুর্বল করে দেয়ার জন্য কিছু মহলের সমন্বিত ও চলমান প্রচেষ্টা চলছে।
তবে সোমবার ইনফান্তিনো আবারো তীব্র সমালোচনার মুখে পড়েন। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)- এই তিন কনফেডারেশনের যৌথ চিঠিতে বলা হয়, ‘ফুটবল কোনো ব্যক্তির মালিকানাধীন নয়।’
কনফেডারেশনগুলো চিঠিতে লিখেছে, ‘ফুটবলে নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি ক্ষমতা ধরে রাখা অথবা ক্ষমতা ধরে রাখার দাবি করা নিয়ে নয়।’
ইউএস সকার ও কানাডা সকারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ওই যৌথ চিঠিটির একটি লিঙ্কও যুক্ত করা হয়।



