এখনো বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যায়নি নেইমারের। নিজেকে প্রমাণের জন্য তাকে দুই মাসের সময় দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক তালিকার জন্য বিবেচনায় থাকবেন এই তারকা ফরোয়ার্ড। দলে তার প্রভাব ও ভক্তদের কথা মাথায় রেখে তাড়াহুড়া করতে চান না তিনি।
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম এলইকুইপেকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমারের জন্য আশার আলো দেখিয়েছেন এই ইতালিয়ান। যেখানে নেইমারের বেশ প্রশংসাও করেন ব্রাজিল দলের প্রধান কোচ।
আনচেলত্তি বলেন, ‘নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে ইতিহাস তৈরি করেছে ও এখনো করে যাচ্ছে। সে একজন অসাধারণ প্রতিভা, তাই মানুষ মনে করতেই পারে যে সে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে।’
‘বর্তমানে তাকে সিবিএফ ও আমি মূল্যায়ন করছি। তার কাছে এখনো দুই মাস সময় আছে নিজেকে প্রমাণ করার জন্য।’ যোগ করেন আনচেলত্তি।
তবে তার জন্য যে নেইমারকে বড় পরীক্ষাই দিতে হবে। যেখানে নেইমারের সবচেয়ে বড় বাধা ফিটনেস। সেটা মনে করিয়ে দিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি বারবার বলেছি, আমি শুধু ফিট খেলোয়াড়দেরই বিশ্বকাপের দলে নেব।’
‘হাঁটুর ইনজুরির পর নেইমার ভালোভাবে ফিরে এসেছে ও গোল করেছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে ও নিজের নিজের ফিটনেস আরো উন্নত করতে হবে। সে সঠিক পথেই আছে।’
এখন সবকিছুই নির্ভর করছে নেইমারের ওপর। আগামী কয়েক সপ্তাহে তাকে প্রমাণ করতে হবে যে, ৩৪ বছর বয়সে সে বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকার মতো ফিট। আশা করাই যায়, নেইমার এই চ্যালেঞ্জ জয় করতে পারবেন।



