রোনালদোর জোড়া গোল, গড়লেন নতুন রেকর্ড

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ৪-০ জয় আল-নাসরের। ৩০ বছর বয়সের পরে ৫০০ গোলের রেকর্ড ছুঁয়ে ক্যারিয়ার গোল ৯৬৪তে তুললেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো |সংগৃহীত

থামছেন না ক্রিস্টিয়ানো রোনালদো, দেখিয়ে চলেছেন বুড়ো হাড়ের ভেল্কি। গড়ছেন নিত্য নতুন রেকর্ড। এবার বয়স ত্রিশ ছোঁয়ার পর ৫০০ গোল করার অনন্য রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ সুপারস্টার।

রেকর্ড গড়ার পথে জোড়া গোল করেছেন রোনালদো। তার এমন পারফরম্যান্সে ভর করে শনিবার রাতে ঘরের মাঠে আল-হাজমকে ৪-০ গোলে হারিয়েছে আল-নাসর।

দলের হয়ে আগের দুই ম্যাচ খেলেননি রোনালদো, ফিরেই যেন জানালেন তাকে কেন প্রয়োজন দলের। ১৩তম মিনিটেই দলের হয়ে গোলের সূচনা করেন রোনালদো।

কিংসলে কোম্যানের পাস থেকে ভিড়ের মধ্যে বল নিয়ন্ত্রণ করে ডান পায়ে টাচ নিয়ে বাম পায়ে দূরের কোণে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি। অফসাইড নিয়ে ভিআর পরীক্ষা শেষে গোলটি নিশ্চিত করা হয়।

৩০ বছর বয়সের পর যা ছিল রোনালদোর ৫০০তম গোল। ফুটবল ইতিহাসে যা বিরল এক মাইলফলক।

পরের গোল পেতে অবশ্য রোনালদোকে অপেক্ষা করতে হয় ৭৯ মিনিট পর্যন্ত। কোম্যানের পাস থেকে বাম দিকের পেনাল্টি এরিয়ায় ঢুকে জোরাল শটে বল জালে পাঠান।

সবমিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৯৬৪তে। এক হাজার গোলের মাইলফলক স্পর্শ কর‍তে আর মাত্র ৩৬ গোল প্রয়োজন এই সুপারস্টারের।

এদিকে রোনালদোর ২ গোলের মাঝে আরো ২টি গোল পায় আল নাসের। রোনালদোও অবশ্য আরো একবার জালে বল পাঠান, তবে তা অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়।

৩০তম মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে আল-নাসরের হয়ে দ্বিতীয় গোল করেন কোম্যান। আর ৭৭ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।

সৌদি লিগে আল-নাসরের এটি টানা অষ্টম জয়, ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে দলটি। অন্যদিকে আল-ইত্তিহাদের সাথে ১-১ ড্র করে দ্বিতীয় স্থানে নেমে গেছে আল-হিলাল।