শঙ্কা ছিল গিখনের লজ্জা ফেরার। তবে তা ফেরেনি। উল্টা এমন রোমাঞ্চে বুদ হয়েছে ফুটবল বিশ্ব; যা ছিল অকল্পনীয়। বলা যায় আরো অনেক কিছুই। তবে সবকিছুর শেষে হৃদয় ভেঙেছে ইরানিদের।
৪৮ দলের বিশ্বকাপ পেয়ে গেছে রাউন্ড অব ৩২-এর সবকটি দল। যেখানে জায়গা হয়নি ইরানের। বাদ পড়া ১৬ দলের মাঝে নাম লিখিয়েছে তারা। ভাগ্য সহায় হয়নি তাদের, নাটকীয়ভাবে নিতে হলো বিদায়।
ক্যানসাস সিটিতে রোববার আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচে কেউ না হারলেও হেরে গেছে ইরান। কেননা এই ম্যাচের উপরই নির্ভর করছিল তাদের ভাগ্য। ম্যাচে ফল আসলেই পেলেই ইরানের জন্য খুলে যেন নক আউটের দুয়ার।
অন্যদিকে নকআউট নিশ্চিত করতে ড্র প্রয়োজন ছিল আলজেরিয়া ও অস্ট্রিয়ার। চরম নাটকীয়তার পর ড্র হলো ম্যাচ। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। তাতেই হাসি ফুঁটে দু’দলের মুখে।
নিজেদের গ্রুপ পর্বের তিন ম্যাচেই ড্র করে ইরান। ফলে ৩ পয়েন্ট নিয়ে তারা ছিল তৃতীয় সেরা দল হয়ে শেষ ৩২ এ যাওয়ার আশায়। অবশ্য সামনে সমীকরণ ছিল বেশ কয়েকটি। কিন্তু শেষ পর্যন্ত মিলল না কোনোটাই।
সবচেয়ে সহজ সমীকরণ ছিল- অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচে কাউকে জিততে হতো। কিন্তু ভাগ্য সায় দেয়নি। দু’দল মিলে ৬ গোল দিলেও ম্যাচে কিনা ফল আসেনি!
এমনকি নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ ব্যবধানে শেষ হলেও আশার সঞ্চার হয় যোগ করা সময়ের চতুর্থ মিনিটে, আলজেরিয়া গোল করলে। স্কোর তখন ৩-২। ইরান আছে কেবল তখন শেষ বাঁশি বাজার অপেক্ষায়।
কিন্তু এরপরই যা হয়, তা মহানাটকীয়ই বলা যায়। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে বসে অস্ট্রিয়া। তাতেই ইরানের স্বপ্ন চুরমার হয়ে যায়। অবিশ্বাস্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। এর মাঝেই প্রথমে এগিয়ে যায় অস্ট্রিয়া। ২৮ মিনিটে মার্কো আরনাউতোভিচ গোল করেন। তবে ব্যবধান ধরে রাখতে পারেনি।
প্রথমার্ধের একদম শেষ মিনিটে আলজেরিয়ার হয়ে গোল শোধ করেন রফিক বেলঘালি। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল। আর বিরতির পরই ম্যাচ হয়ে উঠে আরো রোমাঞ্চকর।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ৫৫ মিনিটে মার্সেল জাবিৎসারের গোলে আবারো এগিয়ে যায় অস্ট্রিয়া। কিন্তু এবারো লিড ধরে রাখা যায়নি। ৫ মিনিট পরই আলজেরিয়ানদের সমতায় ফেরান রিয়াদ মাহরেজ।
এভাবেই শেষ হয় ৯০ মিনিট। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মাহরেজ দ্বিতীয় গোল করলে জয়ের সুবাস পাচ্ছিল আলজেরিয়া। কিন্তু ষষ্ঠ মিনিটে গোল শোধ করে দেন সাসা খালাইজিচ।
তাতেই বিদায় ঘণ্টা বেজে যায় ইরানের। আর নকআউট নিশ্চিত হয়ে যায় মাঠে থাকা দু’দলের। রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়া মুখোমুখি হবে স্পেনের। আর আলজেরিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।



