৩ দিনের মাঝেই নিয়োগ দেয়া হবে হামজাদের নতুন কোচ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী তিন দিনের মধ্যেই হামজা চৌধুরীদের জাতীয় দলের নতুন কোচ চূড়ান্ত করবে বলে জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভা
বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভা |সংগৃহীত

হাভিয়ের কাবরেরার সাথে চার বছরের সম্পর্কের ইতি ঘটেছে কিছুদিন আগেই। এরপর থেকেই নতুন কোচ খুঁজছে বাফুফে। সেই পথে এখন অনেকটাই এগিয়ে গেছে তারা।

নতুন কোচ নিয়োগের আবদেন পত্র আহ্বানের পর বাংলাদেশ ফুটবলের দায়িত্ব নিতে কোচদের আবেদনের হিড়িক পড়ে যায়। জমা পড়ে দুই শ’র অধিক আবেদন!

এরপর সেটিকে কমিয়ে ১২৩-এ আনে বাফুফে। পরে সেখান থেকে ধাপে ধাপে আরো কমিয়ে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

ফর্টিস ডাউনটাউন রিসোর্টে সোমবার হয়েছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভা। প্রায় দেড় ঘণ্টার সভায় নতুন কোচ নিয়োগের ব্যাপারে রুদ্ধদ্বার আলোচনা হয়। যেখান থেকে এসেছে নতুন সিদ্ধান্ত।

জানা গেছে, আগামী তিন দিনের মাঝেই হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের নতুন কোচ চূড়ান্ত করবে বাফুফে। এই প্রসঙ্গে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আজকে আমরা কমিটির যারা উপস্থিত ছিলাম আমরা সকলেই একত্রিত হয়ে আমরা প্রতিটা সিভি আমরা দেখেছি। যার মাঝে থেকে সবচেয়ে শর্ট করে আমরা ১০ জনকে বাছাই করেছি।’

‘আগামী তিন দিনের মধ্যে আমরা কাকে কোচ বাছাই করব সেটা চূড়ান্ত করে ফেলব। তিন দিন আমরা এই ১০ জনের সাথে আমরা কথা বলব। এরপর আমরা একজনকে ফাইনাল করব।’

সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের নাম জিজ্ঞেস করা হলে তিন দিন অপেক্ষা করতে বলেন মিডিয়া চেয়ারম্যান। তিনি বলেন, ‘আপনারা এতদিন অপেক্ষা করছেন, আর তিনটা দিন অপেক্ষা করেন, কোচের নাম আমরা দিয়ে দিতে পারব, ইনশাআল্লাহ।’

এসময় তিনি জানান, হেড কোচ চূড়ান্ত হওয়ার পর তার সাথে পরামর্শ করেই গোলকিপিং কোচ নিয়োগ দেয়া হবে।