শিরোপা জিতে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন।

নয়া দিগন্ত অনলাইন
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি উদযাপনের মুহূর্ত
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি উদযাপনের মুহূর্ত |সংগৃহীত

সাফজয়ীদের উচ্ছ্বাস যেন কমছেই না। পুরস্কারের ঘোষণা সেই উন্মাদনাকে আরো বাড়িয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য মোটা অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে বাফুফে।

এছাড়া সিটি করপোরেশনের কর্মকর্তারাও আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তবে বড় চমকটি জমিয়ে রেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (৩ এপ্রিল) ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। সেই শিরোপা নিয়ে শনিবার (৪ এপ্রিল) রাতে দেশে ফেরে চ্যাম্পিয়নরা।

এরপর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে তাদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে। সেখানে চ্যাম্পিয়ন দলের সদস্যদের দেয়া হয় জমকালো সংবর্ধনা।

সেই সংবর্ধনা অনুষ্ঠানেই শিরোপাজয়ীদের জন্য ঘোষণা করা হয় মোটা অঙ্কের পুরস্কার। যেখানে বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী চ্যাম্পিয়ন দলের প্রতিটি ফুটবলারকে এক লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন।

এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা দেন তিনি। আজ (রোববার) রাতের মধ্যেই পুরস্কারের অর্থ তাদের হাতে পৌঁছে দেয়ার কথা রয়েছে।

তার ঘোষণার পরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন।

অন্যদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আর্থিক প্রণোদনার কথা উল্লেখ করলেও নির্দিষ্ট অঙ্ক জানাননি। তিনি জানিয়েছেন, আগামী ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের বিস্তারিত ঘোষণা করা হবে এবং ফুটবলারদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে।