আইবেরিয়ান মহারণ : চ্যালেঞ্জের মুখে রোনালদোর শেষ স্বপ্ন

বিশ্বকাপের নকআউট পর্বে যেমন কোনো ভুলের সুযোগ থাকে না, তেমমি অতীত ইতিহাস কিংবা পরিসংখ্যান কোনো কাজে দেয় না। একটি মুহূর্ত, একটি নিখুঁত পাস, একটি গোল কিংবা একটি ভুল সিদ্ধান্ত—সবকিছু বদলে দিতে পারে ম্যাচের গল্প।

নয়া দিগন্ত অনলাইন
রোনালদো ও ইয়ামাল
রোনালদো ও ইয়ামাল |সংগৃহীত

কিছু ম্যাচ থাকে, যা শুধু নব্বই মিনিটের লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না। ইতিহাস, আবেগ, প্রতিদ্বন্দ্বিতা আর প্রজন্মের গল্প মিলেমিশে সেগুলো হয়ে ওঠে একেকটি মহাকাব্য। স্পেন ও পর্তুগালের দ্বৈরথ ঠিক তেমনই একটি উপলক্ষ।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে যখন দুই প্রতিবেশী দেশ মুখোমুখি হচ্ছে, তখন এটি কেবল একটি নকআউট ম্যাচ নয়—এ যেন দুটি সময়ের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া। যেখানে একদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে লামিনে ইয়ামাল।

রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের আলোচিত নাম, অসংখ্য রেকর্ডের মালিক। বয়সের ভার কাঁধে চেপে বসলেও প্রতিটি ম্যাচে জয়ের ক্ষুধা এখনো আগের মতোই তীব্র। খেলছেন রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ।

অনেকের বিশ্বাস, এটাই হতে পারে বিশ্বকাপ মঞ্চে তার শেষ বড় লড়াই। তাই রোনালদোর জন্য এই ম্যাচ শুধু পরের রাউন্ডে ওঠার সুযোগ নয়, বরং নিজের অবিস্মরণীয় ক্যারিয়ারে আরেকটি গৌরবময় অধ্যায় যোগ করার লড়াই।

অন্যদিকে স্পেনের নতুন সূর্য লামিনে ইয়ামাল। কৈশোরেই যিনি ফুটবল বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন, প্রতিভার কোনো বয়স হয় না। দুরন্ত গতি, অসাধারণ ড্রিবলিং, ভয়হীন ফুটবল তাকে আলোচিত করে তুলেছে।

আর এই ম্যাচ ইয়ামালের জন্যও বিশেষ—এখানেই হয়তো বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে নিজের আধিপত্যের ঘোষণা দেয়ার সুযোগ।

তবে এই লড়াই কেবল দুই তারকা কিংবা দুই দেশের নয়। নামের ভারে বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে বড় ও আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে পর্তুগাল বনাম স্পেনের লড়াই। আজ রাত ১টায় ডালাসে মুখোমুখি হবে দুই দল।

আন্তর্জাতিক ফুটবলে দুই দেশ সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের উয়েফা ন্যাশনস লিগের ফাইনালে। সেই ম্যাচে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল।

হারাতে পারেনি বিশ্বকাপে মুখোমুখি হওয়া শেষ ম্যাচেও। ২০১৮ বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-৩ গোলে ড্র হয়েছিল সেই ম্যাচ। তবে সব মিলিয়ে পরিসংখ্যানে এগিয়ে স্পেন।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী। এর মাঝে স্পেন জিতেছে ১৭টি ম্যাচ, পর্তুগালের জয় মাত্র ৬টি, আর বাকি ১৮টি ম্যাচ ড্র হয়েছে। এমনকি শেষ ৭ ম্যাচের ৬টিই শেষ হয়েছে সমতায়।

কাগজে-কলমে দুই দলই প্রায় সমান শক্তির। বল দখলে স্পেন কিছুটা এগিয়ে থাকলেও পর্তুগালের দ্রুত পাল্টা আক্রমণ যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখে।

বিশ্বকাপের নকআউট পর্বে যেমন কোনো ভুলের সুযোগ থাকে না, তেমমি অতীত ইতিহাস কিংবা পরিসংখ্যান কোনো কাজে দেয় না। একটি মুহূর্ত, একটি নিখুঁত পাস, একটি গোল কিংবা একটি ভুল সিদ্ধান্ত—সবকিছু বদলে দিতে পারে ম্যাচের গল্প।

তাই শুরু থেকেই দুই দল খেলবে হিসাব কষে, তবে সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে প্রতিপক্ষের ওপর। ইতিহাসও বলছে দুই দলের প্রতিটি সাক্ষাৎই জন্ম দিয়েছে তীব্র উত্তেজনা, নাটকীয় মুহূর্ত। এবার হয়তো যোগ হতে যাচ্ছে নতুন আরো একটি অধ্যায়।

ম্যাচটি কোয়ার্টার ফাইনালের একটি টিকিট নিশ্চিতের পাশাপাশি হতে পারে এক যুগের বিদায়ের প্রতীক, আবার আরেক যুগের আনুষ্ঠানিক সূচনাও। যেখানে হয়তো থেমে যেতে পারেন রোনালদো কিংবা আগমনী বার্তা দিতে পারেন ইয়ামাল।