বিশ্বকাপের নকআউট পর্বে বড় দলগুলোর একের পর এক হোঁচট যেন নতুন বাস্তবতা তৈরি করেছে। জার্মানি, নেদারল্যান্ডস, ব্রাজিল, পর্তুগালের বিদায়ের পর তাই প্রতিপক্ষকেই হালকাভাবে নেয়ার ভুল করছে না আর্জেন্টিনা।
শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হওয়ার আগে আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিলেন, এই বিশ্বকাপে জিততে হলে শুধু সুন্দর ফুটবল খেললেই হবে না, প্রয়োজন চ্যাম্পিয়নদের মানসিকতা।
বাংলাদেশ সময় আজ রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মিসর খুবই সংগঠিত একটি দল। শুধু ভালো খেলোয়াড়ই নয়, তাদের একজন অভিজ্ঞ কোচ আছেন, যিনি দীর্ঘদিন ধরে দলটির সাথে কাজ করছেন। চার ম্যাচে তারা নির্ধারিত সময়ে মাত্র একবার জিতেছে, কিন্তু প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলেছে।’
মিসরকে কেপ ভার্দের সাথে তুলনা করতে রাজি নন আর্জেন্টিনা কোচ। তার মতে, দু’দলের খেলার ধরণ সম্পূর্ণ আলাদা।
তিনি বলেন, ‘মিসর রক্ষণে সবাইকে নামিয়ে শুধু অপেক্ষা করে না। তারা নিজেদের মতো ফুটবল খেলে এবং আক্রমণেও বিপজ্জনক। তবে আমরা সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত। ভিডিও বিশ্লেষণ করে পরিকল্পনা করি, যদিও অনেক দলই আমাদের বিপক্ষে এসে কৌশল বদলে ফেলে।’
শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে রীতিমতো ঘাম ঝরিয়ে অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচ থেকেই গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন বলে মনে করেন স্কালোনি।
তিনি বলেন, ‘এই দল বছরের পর বছর ধরে বড় টুর্নামেন্টে শিরোপার দাবিদার। কিন্তু সব সময় পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলা সম্ভব হয় না। কখনো পাসিং ফুটবল কাজ করবে না, তখন জিততে হলে হৃদয়ের সবটুকু জেদ, লড়াই আর স্পিরিট উজাড় করে দিতে হবে।’
তিনি উল্লেখ করেন, ‘কেপ ভার্দের বিপক্ষে ছেলেরা সেটাই করেছে। ওই মানসিকতা না থাকলে আমরা হয়তো আজ এখানে থাকতাম না।’
বিশ্বকাপে বড় দলগুলোর ধারাবাহিক ধাক্কার পেছনে মৌসুমজুড়ে ফুটবলারদের অতিরিক্ত ম্যাচ খেলার প্রভাব দেখছেন আর্জেন্টিনা কোচ।
তার মতে, ‘এবারের বিশ্বকাপ সবার জন্যই কঠিন। অনেক খেলোয়াড় দীর্ঘ মৌসুম শেষে ক্লান্ত। তাই মাঠের পারফরম্যান্সও আগের মতো ধারাল নয়।’
শুধু খেলোয়াড়দের ক্লান্তিই নয়, উত্তর আমেরিকার ভ্রমণ, তীব্র গরম এবং একেক স্টেডিয়ামের ভিন্ন ধরনের পিচকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্কালোনি।
‘এখানে বড় ব্যবধানে জেতা খুব কঠিন। স্পেন দারুণ খেলছে, কিন্তু পর্তুগালের বিপক্ষেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়েছে। ফ্রান্সও প্যারাগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়েছে। তাই এই বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়’- বলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ।
আজ রাতের লড়াইয়ে জয়ী দল কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। তবে স্কালোনির কাছে আপাতত ভবিষ্যতের হিসাব নয়, পুরো মনোযোগ মিসরকে নিয়েই। তার বিশ্বাস, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথ কখনোই সহজ হয় না।


