ইয়ান দিওমান্দেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ

লাইপজিগ থেকে ১০০ মিলিয়ন ইউরোতে তরুণ আইভরিয়ান ফরোয়ার্ড ইয়ান দিওমান্দেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

নয়া দিগন্ত অনলাইন
ইয়ান দিওমান্দে
ইয়ান দিওমান্দে |সংগৃহীত

ইউরোপের দলবদলের বাজারে এখন সবচেয়ে আলোচিত নাম ইয়ান দিওমান্দে। আইভরি কোস্টের মাত্র ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের দিকে এখন নজর গোটা ইউরোপের।

তবে একাধিক শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় নামলেও শেষ পর্যন্ত সবার চেয়ে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘ আলোচনার পর আরবি লাইপজিগের সাথে নীতিগত সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ জায়ান্টরা।

ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক বেন জ্যাকবসের তথ্য অনুযায়ী, দিওমান্দের ট্রান্সফার নিয়ে আরবি লাইপজিগ প্রথমে রিয়ালের ৮ কোটি ৫৪ লাখ পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত দুই ক্লাব একমত হয়েছে।

২০২৫ সালে লাইপজিগে যোগ দেয়ার পর থেকেই নিজের প্রতিভার ঝলক দেখাতে শুরু করেন দিওমান্দে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেন তিনি।

সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপেও আইভরি কোস্টের আক্রমণভাগের অন্যতম ভরসা ছিলেন এই তরুণ, খেলেছেন দলের চারটি ম্যাচেই। যেখানে ২টি গোল ও ১টি অ্যাসিস্ট করেন।

দিওমান্দেকে দলে টানতে আগ্রহ দেখিয়েছিল লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনালও। তবে লাইপজিগের চাওয়া বিশাল অঙ্কের ট্রান্সফার ফি মেনে নিতে না পারায় শেষ পর্যন্ত দৌড়ে পিছিয়ে পড়ে ইংলিশ ক্লাবগুলো।

সুযোগটি কাজে লাগিয়ে রিয়ালই এগিয়ে গেছে চুক্তির পথে। নিজেদের আক্রমণভাগে নতুন গতি যোগ করতেই দিওমান্দেকে আনার পরিকল্পনা করেছে তারা।

ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ‘আইভরিয়ান উইঙ্গারের জন্য ১০০ মিলিয়ন ইউরোতে লাইপজিগের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি চলতি সপ্তাহেই স্বাস্থ্য পরীক্ষা শেষে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করবেন।’