লা লিগায় আবারো হার রিয়ালের

লা লিগায় রিয়াল মাদ্রিদ গেতাফের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ে শিরোপা দৌড়ে পিছিয়েছে। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয়, আর বার্সেলোনা ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্যবধান বাড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
লা লিগায় গেতাফের কাছে হার রিয়াল মাদ্রিদের
লা লিগায় গেতাফের কাছে হার রিয়াল মাদ্রিদের |সংগৃহীত

লা লিগায় বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। শিরোপা লড়াইয়ে আরো একধাপ পিছিয়ে গেছে লস ব্লাঙ্কোজরা। শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান বেড়েছে আরো।

কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি যেন আক্রমণভাগের শক্তি কমিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদের। সোমবার গেতাফের বিপক্ষে তাই কোনো গোল করতে পারেনি তারা, হেরেছে ১-০ ব্যবধানে।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা ছিল রিয়ালের দখলে। ১৩তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে গেতাফের বক্সেও ঢুকে পড়েন ভিনিসিয়ুস জুনিয়র। সামনে ছিলেন শুধু গোলরক্ষক ডেভিড সোরিয়া। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নিচু শট পা বাড়িয়ে ঠেকিয়ে দেন সোরিয়া।

২৪ মিনিটে আবারো হতাশ হতে হয়, আর্দা গুলারের শট হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে তুলে দেন সোরিয়া।

স্রোতের বিপরীতে উল্টা ৩৯তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। নিজ রক্ষণে ছোট একটি ভুলের বড় মূল্য দিতে হয় তাদের। বক্সে রুডিগার হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগায় গেতাফে।

বাইরে থাকা বল আয়ত্বে পেয়ে দুর্দান্ত ভলিতে জালের ভেতর পাঠান গেতাফের সাতরিয়ানো। তাতে এগিয়ে যায় সফরকারীরা। ১-০ গোলে এগিয়ে থেকেই যায় বিরতিতে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা বাড়ায় রিয়াল। তবে গেতাফের রক্ষণ ভেদ করতে পারেনি তারা। ৭৯তম মিনিটে রদ্রিগোর জোরাল হেড আবারো ঠেকান গেতাফের গোলরক্ষক।

ফিরতি বলে কারভাহালের সুযোগ থাকলেও সেটিও কাজে লাগেনি। আক্রমণে সংখ্যাধিক্য বাড়ালেও রিয়ালের খেলায় ফিনিশিংয়ে দূর্বলতা চোখে পড়েছে।

উল্টাা যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রেফারির সাথে কথাকাটাকাটি করে সরাসরি লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কে মাস্তানতুনো।

কিছুক্ষণের মাঝেই গেতাফের আদ্রিয়ান লিসোও লাল কার্ড পান। ফলে দু’দলই ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে।

টানা দুই হারে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনা সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আরো এগিয়ে গেল।