অস্ট্রিয়ার কাছে জর্ডানের হার

বিশ্বকাপে অভিষেকে দারুণ লড়াই করলেও আত্মঘাতী গোল ও যোগ করা সময়ের পেনাল্টিতে অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে জর্ডান। ফলে অস্ট্রিয়া জাতীয় ফুটবল দল গ্রুপ ‘জে’তে ৩ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জর্ডানকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া
জর্ডানকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া |সংগৃহীত

প্রথমবার বিশ্বকাপে পা রাখা জর্ডান অস্ট্রিয়ার কাছে হেরেছে ৩-১ গোলে। সান ফ্রান্সিসকোর বে অ্যারেনায় ম্যাচজুড়ে লড়াই করেছে জর্ডান। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ে হজম করল আরেকটি গোল। অভিষেকে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এশিয়ান দলটির।

বাংলাদেশ সময় বুধবার সকালে ‘জে’ গ্রুপের ম‍্যাচে জর্ডানকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে অস্ট্রিয়া।

ম্যাচের প্রথমার্ধ থেকেই জর্ডানকে চেপে ধরে অস্ট্রিয়া। ২০ মিনিটে রোমানো স্মিডের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জর্ডান। ম্যাচের ৫০ মিনিটে নুর আল-রাওয়াবদেহের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটি।

ম্যাচের ৬৭ মিনিটে জর্ডানের জালে আবারো বল পাঠিয়েছিলেন অস্ট্রিয়ার তারকা ফরোয়ার্ড মার্কো আরনাউতোভিচ। তবে ভিএআরপরীক্ষায় দেখা যায়, বল বানিয়ে দেয়ার সময় স্টেফান পশের হাতে বল লেগেছিল। ফলে হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়।

তবে অস্ট্রিয়াকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি জর্ডান। ৭৬ মিনিটে জর্ডান আবার পিছিয়ে যায় আত্মঘাতী গোলে। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল-আরব।

ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে সেলিম ওবাইদের হ্যান্ডবলে পেনাল্টি পায় অস্ট্রিয়া। যা কাজে লাগিয়ে গোল করেন মার্কো আরনাউতোভিচ।

এই জয়ের ফলে গ্রুপ ‘জে’তে আর্জেন্টিনার সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রইল অস্ট্রিয়া।