জার্সি বিক্রি করে রেকর্ড আয়ের শীর্ষে বার্সেলোনা

‘ইউরোপের শীর্ষ ২৫টি ক্লাবের ২১টি ২০২৫ সালে কিট ও বিপণন থেকে আগের বছরের তুলনায় বেশি আয় করেছে। যার মাঝে আবার ১৯টি ক্লাব সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
রেকর্ড আয়ের শীর্ষে বার্সেলোনা
রেকর্ড আয়ের শীর্ষে বার্সেলোনা |সংগৃহীত

জার্সি বিক্রি করে রেকর্ড গড়েছে বার্সেলোনা। ২০২৫ মৌসুমে সর্বোচ্চ মূল্য আদায় করেছে কাতালানরা। প্রায় ২৭৭ মিলিয়ন ইউরো উপার্জন করেছে ক্লাবটি।

উয়েফা প্রকাশিত ‘ইউরোপীয় ক্লাব অর্থনীতি ও বিনিয়োগ পর্যালোচনা ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। স্পেনের ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভো এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের শীর্ষ ২৫টি ক্লাবের ২১টি ২০২৫ সালে কিট ও বিপণন থেকে আগের বছরের তুলনায় বেশি আয় করেছে। যার মাঝে আবার ১৯টি ক্লাব সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।

উয়েফার তথ্য বলছে, গত অর্থবছরে আয় বৃদ্ধির দিক থেকে সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পেয়েছে বার্সেলোনা। যেখানে বড় ভূমিকা রেখেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক নাইকির নবায়ন করা চুক্তি।

এছাড়া লামিন ইয়ামালের তারকা দ্যুতিও রেখেছে ভূমিকা। গত মৌসুমে তিনি ১০ নম্বর জার্সি বুঝে পাওয়ার পর বার্সার জার্সি বিক্রি বাড়ে বহুগুণে।

বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই ইয়ামালের নতুন ১০ নম্বর জার্সির ঘোষণা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয় প্রায় ৭০ হাজার জার্সি। যা থেকে ১০ মিলিয়ন ইউরোর (প্রায় ১২০ কোটি টাকা) রাজস্ব আয় করেছে বার্সা।

সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়, জার্সি বিক্রি ও বিপণন মিলিয়ে ২৭৭ মিলিয়ন ইউরো আয় করেছে কাতালান ক্লাবটি। যা তাদেরকে এ সমীক্ষায় আয়ের শীর্ষে বসিয়েছে।

এরপর আছে রিয়াল মাদ্রিদ। তারা জার্সি ও বিপণন বিক্রি করে আয় করেছে ২৩১ মিলিয়ন ইউরো। আর তিনে থাকা বায়ার্ন মিউনিখের আয় ১৮৯ মিলিয়ন ইউরো।

তালিকায় এরপর আছে ম্যানচেস্টার ইউনাইটেড (১৭২ মিলিয়ন ইউরো), আর্সেনাল (১৫১ মিলিয়ন), লিভারপুল (১৪৮ মিলিয়ন), টটেনহ্যাম হটস্পার (১০২ মিলিয়ন) ইউরো আয় করে।

এছাড়া গালাতাসারাই (৯৯ মিলিয়ন), চেলসি (৯৫ মিলিয়ন), পিএসজি (৮৮ মিলিয়ন) এবং ম্যানচেস্টার সিটি (৮৮ মিলিয়ন) আছে তালিকার উপর দিকে।