জার্মানির দুটি বিখ্যাত দলের ম্যাচ চলাকালে উভয় দলের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে। ভাল্ডহোফ মানহাইম ও কাইজারসলাউটার্নের মধ্যকার ম্যাচটি এ কারণে ৩০ মিনিটের জন্য স্থগিত রাখা হয়। সংঘর্ষে ৩৫ জন পুলিশসহ শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে জার্মান কাপের প্রথম রাউন্ডে স্বাগতিক ভাল্ডহোফ মানহাইম এবং কাইজারসলাউটার্নের মধ্যকার ম্যাচে সমর্থকদের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, দুই দলের সমর্থকদের মধ্যকার বৈরিতার কারণে ম্যাচটিকে আগেই 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলার শেষে যখন স্কোরবোর্ডে ০-০ সমতা ছিল, তখন ম্যাচটি প্রায় ৩০ মিনিটের জন্য স্থগিত রাখা হয়।
পুলিশ জানায়, আমন্ত্রিত দলের গ্যালারি থেকে সমর্থকরা মূল গ্যালারির দিকে আতশবাজি ছোঁড়ে, যার জবাবে স্বাগতিক সমর্থকরা অনাকাঙ্ক্ষিতভাবে মাঠে প্রবেশ করে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, "সর্বমোট ৮৫ জনের চিকিৎসার প্রয়োজন হয় এবং এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য আটজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।"
মাঠে বলপ্রয়োগ করে অনাকাঙ্ক্ষিত প্রবেশকারী দর্শকদের স্বাগতিক দর্শকদের নির্ধারিত গ্যালারিতে ফেরত পাঠাতে পুলিশ ব্যাপক হস্তক্ষেপ করার পর পুনরায় খেলা শুরু হয়।
প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরত্বে অবস্থিত এই দুটি প্রতিদ্বন্দ্বী ক্লাবের খেলায় অতিরিক্ত নিরাপত্তা দিতে প্রায় এক হাজার ৪০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।
অবশেষে ম্যাচের ১২০তম মিনিটে কাইজারসলাউটার্নের ইব্রাহিম কানাতে গোল করলে ম্যাচটি ১-০ ব্যবধানে শেষ হয়।
সূত্র: এএফপি।
অনুবাদ: মোহাম্মদ ফাহাদ, নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।



