অতিরিক্ত সময়ের গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপ শুরু ঘানার

ম্যাচজুড়ে দুই দলই সতর্ক ফুটবল খেলায় খুব বেশি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও দুই গোলরক্ষকের দৃঢ়তায় দীর্ঘ সময় স্কোরলাইন অপরিবর্তিত থাকে। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছিল।

ক্রীড়া ডেস্ক

শেষ মুহূর্তের গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করেছে ঘানা। দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইয়েরেঙ্কির করা গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দেশটি।

ম্যাচজুড়ে দুই দলই সতর্ক ফুটবল খেলায় খুব বেশি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও দুই গোলরক্ষকের দৃঢ়তায় দীর্ঘ সময় স্কোরলাইন অপরিবর্তিত থাকে। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছিল।

তবে নাটকীয়তা অপেক্ষা করছিল শেষ মুহূর্তের জন্য। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বাম প্রান্ত দিয়ে দুর্দান্ত একক প্রচেষ্টায় এগিয়ে যান ব্র্যান্ডন থমাস-আসান্তে। পানামার ডিফেন্ডার হোসে কর্দোবাকে কাটিয়ে তিনি বক্সে নিখুঁত একটি ক্রস বাড়ান। সেখানে উপস্থিত ক্যালেব ইয়েরেঙ্কি কাছ থেকে বল জালে পাঠিয়ে ঘানাকে কাঙ্ক্ষিত গোল এনে দেন।

গোলের সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ে ঘানা শিবির। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের আনন্দে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। চলতি বছরের এপ্রিল মাসে দায়িত্ব নেওয়া প্রধান কোচ কার্লোস কুইরোজও আবেগ সামলাতে না পেরে মাঠে ছুটে যান। অন্যদিকে ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে হতাশায় ভেঙে পড়ে পানামা।

গোল হজমের পর শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠে মধ্য আমেরিকার দেশটি। শেষ কর্নারের সময় গোলরক্ষক অরল্যান্ডো মস্কেরাকেও প্রতিপক্ষের বক্সে পাঠানো হয়। কর্নার থেকে তার হেডে বক্সের ভেতর কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত ঘানার বদলি গোলরক্ষক বেনজামিন আসারে বল নিয়ন্ত্রণে নিয়ে দলকে বিপদমুক্ত করেন।

ম্যাচের নায়ক ক্যালেব ইয়েরেঙ্কি বর্তমানে ডেনমার্কের ক্লাব নরশেল্যান্ডের হয়ে খেলেন। ঘানার বিখ্যাত ‘রাইট টু ড্রিম’ একাডেমি থেকে উঠে আসা এই তরুণ মিডফিল্ডারকে দেশটির ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে বিবেচনা করা হয়। সাবেক তারকা মাইকেল এসিয়েনের উত্তরসূরি হিসেবেও তার নাম আলোচিত।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে ইয়েরেঙ্কির শেষ মুহূর্তের গোল ঘানাকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। একই সাথে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় পরবর্তী ম্যাচগুলোর আগে আত্মবিশ্বাসও বেড়ে গেল আফ্রিকান দলটির।